২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রগামী জাহাজের নাবিকরা দেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

ইউক্রেইন যুদ্ধে আক্রান্ত বাংলার সমৃদ্ধির নাবিকদের ‘দৃঢ় মনোবল’ বিশ্বে প্রশংসিত হয়েছে জানিয়ে সমুদ্রগামী জাহাজের নাবিকদের ‘দেশের দূত’ অভিহিত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 08:44 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

শনিবার চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থী নাবিকদের মুজিববর্ষ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “ইউক্রেনে আক্রান্ত শিপিং করপোরেশনের জাহাজের নাবিকরা মনোবল হারাননি। তারা দৃঢ় মনোবল বজায় রেখে সরকারের সহযোগিতায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়েছেন।

“পাশাপাশি সরকারের দক্ষ কূটনৈতিক তৎপরতায় আক্রান্ত নাবিক ও মারা যাওয়া নাবিকের লাশ অল্প সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা গেছে। এ কাজটি সরকারের জন্য সহজ ছিল না।

“কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে এটা করা সম্ভব হয়েছে। তাই আক্রান্ত নাবিকদের দৃঢ় মনোবল ও সরকারের কূটনৈতিক দক্ষতা বিশ্বে প্রশংসিত হয়েছে।”

গত ২ মার্চ ইউক্রেইনের ওলভিয়া বন্দরে আটকে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়। তার এক সপ্তাহ আগেই ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

গোলার আঘাতে জাহাজের মূল নিয়ন্ত্রণ কক্ষ (নেভিগেশন ব্রিজ) বিধ্বস্ত হয়ে প্রাণ যায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের। এসময় জাহাজে থাকা কর্মীরা আগুন নেভাতে পারলেও প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

আক্রান্ত হওয়ার পরদিন ৩ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা নাবিক ও প্রকৌশলীদের পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আর প্রবাসীদের সহায়তায় উদ্ধার করে নেওয়া হয় যুদ্ধের ময়দান ইউক্রেইনের ‘সেইফ শেল্টারে’।

পরে সেখান থেকে তীব্র গোলাবর্ষণের মধ্যে সড়কে ৩০০ কিলোমিটারের বেশি পথ পারি দিয়ে মালদোভার সবচেয়ে কাছের সীমান্তে যান তারা। সেখান থেকে রোমানিয়া পৌঁছানোর পর ১০ মার্চ দেশে ফেরেন নাবিক ও প্রকৌশলীরা।

প্রশিক্ষণার্থী নাবিকদের সামনে তাদের এই দুঃসাহসিক অভিযাত্রার কথা তুলে ধরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, “সমুদ্রগামী জাহাজের নাবিকরা দেশের দূত।”

২৩তম ব্যাচ ও মাদারীপুর শাখার ১২তম ব্যাচের প্রশিক্ষণার্থী নাবিকদের মুজিববর্ষ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

দুই শাখা মিলে ১২৭ জন নাবিক তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। যারা সমুদ্রগামী জাহাজের ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেকেন্ড অফিসার, তৃতীয় শ্রেণির ডেক ও ইঞ্জিনিয়ার অফিসার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে কাজে যোগ দেবেন।

এবার শিপিং করপোরেশনের সৌজন্যে শ্রেষ্ঠ অলরাউন্ড গোল্ড মেডেল পেয়েছেন নাবিক তাসওয়ার জাহান। বেস্ট এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ সিলভার মেডেল পেয়েছেন নাবিক আতিফ আকবর নিশাত।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামে উপমহাদেশের প্রাচীনতম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটকে মেরিটাইম কর্মকাণ্ডের কেন্দ্র করে তুলতে সরকারি পরিকল্পনার অংশ হিসেবে সিমুলেটর ভবন নির্মাণ করা হয়েছে।

এর মধ্যে ব্রিজ সিমুলেটর, ইঞ্জিন সিমুলেটর এবং হাই ভোল্টেজ সিমুলেটর স্থাপন করা হয়েছে। এসব সিমুলেটরের মাধ্যমে অফিসার ও রেটিংসদের উন্নত প্রশিক্ষণ দিয়ে এ সেক্টরে দক্ষ জনবল সৃষ্টি করা যাবে।

তিনি জানান, ইনস্টিটিউটের মাদারীপুর শাখার নতুন অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হয়েছে। জুনে প্রকল্প বুঝে নেওয়া হবে। প্রতি ব্যাচে তিনশজন করে দুই ব্যাচে বছরে ছয়শজনকে প্রশিক্ষণ দেওয়া যাবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুড়িগ্রামের চিলমারিতে নতুন আরেকটি শাখা স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সেখানে ভূমি অধিগ্রহণ চলছে বলে জানান খালিদ মাহমুদ।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান বক্তব্য দেন।

আরও পড়ুন

বাংলার সমৃদ্ধি: বেঁচে ফেরা নাবিকদের কথায় সেদিনের ঘটনা  

হাদিসুর ফিরলেন, কফিনবন্দি হয়ে  

‘বাংলার সমৃদ্ধি’র নাবিকদের দেশে ফেরার যাত্রা শুরু  

বাংলার সমৃদ্ধিকে ফেরাতে সব চেষ্টা চলছে: বিএসসি  

হাদিসুরের জন্য রাশিয়ার শোক, ‘বাংলার সমৃদ্ধি’র নিরাপদ প্রত্যাবর্তনে পদক্ষেপের আশ্বাস