‘মুনাফা নয় মানুষ’ স্লোগানে জলবায়ু ধর্মঘটের সমর্থন
মুনাফার চেয়ে মানুষের ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে বিশ্বব্যাপী চলমান জলবায়ু ধর্মঘটের সমর্থনে প্রাকৃতিক শোভামণ্ডিত চট্টগ্রামের সিআরবি এলাকায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
শুক্রবার বেসরকারি কয়েকটি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেয় শিশু-কিশোর ও তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তাদের হাতে পোস্টার ও প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ’, ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার’, ‘মুনাফা নয় মানুষ’, ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’।
জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ববাসীকে সচেতন করে তোলার লক্ষ্যে সুইডিশ তরুণী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে ২০১৮ সাল থেকে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চলছে। তার ডাকে পথে নামছে সারাবিশ্বের মানুষ।
২০১৯ সালে ১১২টি দেশের আনুমানিক ১৪ লাখ শিক্ষার্থী তার ডাকে সাড়া দিয়ে জলবায়ু প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। এ বছরের বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের প্রতিপাদ্য ‘মুনাফা নয় মানুষ’।
এর সমর্থনে দেশের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উন্নয়ন সংস্থা ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, “আমাদের বুঝতে হবে, জলবায়ু সংগ্রাম হলো শ্রেণি সংগ্রাম।
“জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রেণি শিশু ও যুবারা। আমরা তাদের দাবির সাথে পূর্ণাঙ্গরুপে ঐক্যমত পোষণ করছি এবং জোর দাবি জানাচ্ছি, জলবায়ু সংকট নিরসনে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের।”
সমাবেশের পর শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা বের হয়ে সিআরবি এবং এর আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।
‘সেভ দ্য চিলড্রেন’ ও ‘ইপসা’র সহায়তায় এবং চট্টগ্রামে যুব সংগঠনের নেটওয়ার্ক ‘বাংলাদেশ অ্যালায়েন্স অব ইয়ুথ (বে)’, তরুণ পরিবেশবাদীদের আন্তর্জাতিক সংগঠন ‘ফ্রাইডে ফর ফিউচার’ এবং ‘ইয়ুথ নেটে’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
ইযুথ নেটের সদস্য উজ্জল ধর ও ইপসা’র মনিটরিং অফিসার সৈয়দ মোহন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইপসা’র সিনিয়র প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ হিরো, ‘ফ্রাইডে ফর ফিউচার’ এর সদস্য মোজাম্মেল হক, সেন্টার ফর ইয়ুথ ডেভলপমেন্টের সদস্য আফরা আনওয়ার, শোভন চৌধুরী, প্রগতিশীল যুব সংঘের সভাপতি হেফাজুর রশীদ।
আরও পড়ুন
