স্কুলবিহীন দিনগুলোতে গ্রেটা থুনবার্গ
এখন পর্যন্ত তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতা সম্ভবত সেটাই যখন নিউ ইয়র্কে গ্রেটা থুনবার্গ বলেছিলেন, “আমার এখন স্কুলে থাকা উচিত ছিল।”
ওই বক্তৃতা দেওয়ার পর ১২ মাসও পার হয়নি, তার আগেই সুইডিশ এই কিশোরী পরিবেশ আন্দোলনকারী ফিরেছেন তার কাঙ্ক্ষিত ঠিকানা ‘স্কুলে’।
বিবিসি জানিয়েছে, শিক্ষা গ্রহণ কার্যক্রম থেকে এক বছরের বিরতি নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের বোঝাতে ও তাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করেছেন গ্রেটা, এরপর চলতি অগাস্টেই স্কুলে ফিরেছেন তিনি।
“স্কুলের সঙ্গে এক বছরের দূরত্ব শেষ হয়েছে। শেষ পর্যন্ত স্কুলে ফিরতে পেরে অসাধারণ লাগছে,” ইনস্টাগ্রামে কাঁধে ব্যাগ, দুই হাত সাইকেলে রাখা একটি ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে এমনটিই লিখেছেন সাড়া জাগানো এ পরিবেশ আন্দোলনকর্মী।
তার বয়সের গড় কিশোর-কিশোরীদের তুলনায় গত ১২টি মাস অসম্ভব ব্যস্ততায় কেটেছে গ্রেটার। কিন্তু এই সুইডিশ কিশোরী আসলে করেছেনটাই বা কী আর বিশ্বজুড়ে তার কাজের প্রভাবই বা কেমন পড়েছে, বিবিসির এক প্রতিবেদনে তাই খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে।
স্কুলের লম্বা ছুটিতে অনেক শিক্ষার্থীই নৌকা ভ্রমণ উপভোগ করেন; কিন্তু এর কোনোটাই গ্রেটার নৌকা ভ্রমণের সঙ্গে তুলনা করার মতো নয়।
গত বছরের অগাস্টে স্কুলের সঙ্গে গ্রেটার দীর্ঘ বিরতির সূচনা হয়েছিল আটলান্টিক মহাসাগরের ৩ হাজার মাইল জলপথ পাড়ি দেওয়ার মাধ্যমে।
সেসময় ১৬ বছর বয়সী গ্রেটা যুক্তরাষ্ট্র ও চিলিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক দুটি সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে কার্বন নিঃসরণ হয় না এমন একটি ইয়টে চেপে ইংল্যান্ডের প্লাইমাউথ থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন। ভ্রমণকালে বাহন বেছে নেওয়ার ক্ষেত্রে কার্বন নিঃসরণ যতটা সম্ভব কম রাখাই ছিল তার লক্ষ্য।
“প্রকৃতির সঙ্গে আমাদের যুদ্ধ বন্ধ হওয়া উচিত,” দ্য বিগ অ্যাপলে (নিউ ইয়র্ক বন্দরকে এ নামেই ডাকা হয়) নেমে বলেছিলেন তিনি।
‘আপনাদের ফাঁকা বুলি আমার শৈশব কেড়ে নিয়েছে’
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন সম্মেলনে গ্রেটা জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
“আমার এখানে থাকার কথা নয়। আমার এখন সমুদ্রের (আটলান্টিক) অপর পারের স্কুলে ফিরে যাওয়া উচিত। তারপরও আপনারা আমাদের মতো ছোটদের কাছে আশা নিতে এসেছেন। কী দুঃসাহস আপনাদের। আপনারা আপনাদের ফাঁকা বুলির মাধ্যমে আমার স্বপ্ন আমার শৈশব চুরি করেছেন,” বলেছিলেন তিনি।
সেবার গ্রেটার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও দেখা হয়েছিল; তবে সুইডিশ এ কিশোরী যে মার্কিন প্রেসিডেন্টের ভক্ত নন, জাতিসংঘের ওই কর্মসূচিতেই তা স্পষ্ট হয়েছিল।
যুক্তরাষ্ট্র থেকে কানাডা। মন্ট্রিয়লে গ্রেটার নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে বিশাল এক সমাবেশও হয়েছিল।
কানাডার বিভিন্ন অংশ থেকে লাখ লাখ মানুষ এ সমাবেশে অংশ নেয়। কেবল কানাডাতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ ও শহরেও একই দাবিতে কয়েকশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্রেটার ‘ফ্রাইডে ফর ফিউচার’ আন্দোলন থেকে অনুপ্রাণিত বৈশ্বিক এ জলবায়ু ধর্মঘট শুরু হয়েছিল স্কুলে ধর্মঘট পালনের মধ্য দিয়ে।
মন্ট্রিয়লের কর্মকর্তারা জানান, তাদের শহরের ওই সমাবেশ ও শোভাযাত্রায় প্রায় তিন লাখ ১৫ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। পরিবেশ আন্দোলন সংক্রান্ত কোনো কর্মসূচিতে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি ঘটেছিল এখানে।
কানাডায় গ্রেটা তার সমালোচকদেরও একহাত নিয়েছিলেন।
“নিন্দুকেরা অন্য যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি সক্রিয়। আমি, আমার চেহারা, পোশাক, আচরণ আর বৈসাদৃশ্যের পেছনে লেগেছে তারা। শুধু জলবায়ু সংকট ছাড়া আর সবকিছু নিয়েই তারা কথা বলছে,” বলেছিলেন তিনি।
চিলিতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে বক্তৃতা দেওয়ার কথা ছিল গ্রেটার।
দক্ষিণ আমেরিকার দেশটিতে সরকারবিরোধী তুমুল বিক্ষোভ ও অস্থিরতা দেখা দেওয়ার পর সম্মেলনের স্থান স্পেনে সরিয়ে নেওয়া হলে বিপদেই পড়ে যান এ কিশোরী।
না, বোর্ডিং পাস নিয়ে একটি বিমানে চড়ে স্পেনের উদ্দেশ্যে রওনা হননি গ্রেটা। তার বদলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরোধ করেন, কেউ যেন তাকে নৌকায় করে আটলান্টিক পার করে দেন।
তার আহবানে সাড়া দেয় একটি পরিবার; যারা তাদের বিশ্বভ্রমণের ভিডিও ইউটিউবে পোস্ট করে আসছিল।
“ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমরা মনুষ্যজাতির ভবিষ্যৎ বসবাসস্থল নিরাপদ করতে পেরেছি। আমরা কেবল আমাদের জন্যই লড়ছি না, লড়ছি আমাদের সন্তান, সন্তানদের সন্তান এবং প্রাণ আছে পৃথিবীর এমন সবকিছুর জন্য,” পর্তুগালের লিসবনে নেমে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছিলেন গ্রেটা।
ট্রাম্প ও ইইউ নেতাদের উপর চাপ
সাড়া জাগানো পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ এর বার্ষিক সভায় বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতাদের সঙ্গে যোগ দেন।
এখানেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ কেড়ে নিয়েছিলেন তিনি। দুজনই সম্মেলনে বক্তব্য রাখেন, যদিও তাদের দুজনের দেওয়া বার্তা ছিল একেবারেই বিপরীতধর্মী।
মার্চে ইউরোপীয় পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির সভায় গ্রেটা জলবায়ু সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে ‘আত্মহত্যার শামিল’ অ্যাখ্যা দিয়ে এর কড়া সমালোচনা করেছিলেন।
ওই সময়ে নতুন করোনাভাইরাসের বিস্তার আস্তে আস্তে বিশ্বকে স্থবির করে দিচ্ছিল। অবশ্য মহামারীও গ্রেটাকে তার পথ থেকে সরাতে পারেনি। মার্চে এক ঘোষণায় তিনি তার ‘ডিজিটাল ধর্মঘটের’ পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
গ্রেটার আন্দোলন ও জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা নিতে জানানো একের পর এক আহ্বান সরাসরি বিশ্বের কোনো দেশের সরকারের নীতি পরিবর্তনে ভূমিকা না রাখলেও সুইডিশ এ কিশোরী যেভাবে জলবায়ু ইস্যুকে বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছেন, তার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন অনেকে।
গত বছরের শেষদিকে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘দ্য নিউ সায়েন্টিস্ট’ বলেছে, ২০১৯ সালেই বিশ্ব ‘সত্যিকার অর্থে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে জেগে উঠেছে’। এর জন্য গ্রেটা থুনবার্গ ও এক্সটিঙ্কশন রেবিলিয়ন গ্রুপের আন্দোলনকে কৃতিত্বও দিয়েছে তারা।
যুক্তরাজ্যের পরিবেশ বিষয়ক মন্ত্রী মাইকেল গোভ এবং লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক রাজনীতিকই গ্রেটার কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। বিশ্বজুড়ে ‘দ্য গ্রেটা এফেক্ট’ নিয়ে আলোচনাও কম হয়নি।
গ্রেটার সঙ্গে একই মঞ্চে থাকা ইউরোপীয় কমিশনের তৎকালীন প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার জলবায়ু পরিবর্তন রোধে কয়েকশ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
শেষ পর্যন্ত গ্রেটা স্কুলে ফিরেছেন। তবে এরপরও তিনি যে বিশ্বের প্রভাবশালী রাজনীতিকদের স্বস্তিতে থাকতে দেবেন, তেমনটা মনে হচ্ছে না।
কেননা তাদের উপর তার হুঁশিয়ারি তো এখনও বলবৎই আছে; যেমনটা তিনি বলেছিলেন, “আমরা আপনাদের উপর নজর রাখছি।”
