২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরবিতে হাসপাতাল বাতিলের দাবিতে পতাকা মিছিল

প্রাকৃতিক ও ঐতিহাসিক কারণে পূর্ব রেলের সদর দপ্তর চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে পতাকা মিছিল করেছে চট্টগ্রামের নাগরিক সমাজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 09:52 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

মঙ্গলবার বিকালে সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু হয়।

সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রাম এর উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচিতে ‘বেনিয়া গোষ্ঠীর হাত থেকে সিআরবি রক্ষা এবং বঙ্গমাতার নামে সিআরবিকে জাতীয় উদ্যান ঘোষণার’ দাবি জানানো হয়।

নাগরিক সমাজের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, “সিআরবিতে কোনো রকম বাণিজ্যিক হাসপাতাল হতে দেওয়া হবে না।

“আমরা চাই সিআরবি যেমন আছে তেমন থাকুক এবং সিআরবিকে আরও পরিবেশবান্ধব করে বঙ্গমাতার নামে জাতীয় উদ্যান ঘোষণা করা হোক। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শুধু মাঠে নয় আইনি লড়াইও করব।”

অবিভক্ত ভারতের বেঙ্গল অ্যান্ড আসাম রেলওয়ের সদর দপ্তর সিআরবি ভবনটি হয় ১৮৯৫ সালে। শতবর্ষী বৃক্ষ, পাহাড়, টিলা ও উপত্যকা ঘেরা এ এলাকাটি বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণির আবাস।

চটগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ স্থাপনের জন্য ২০২০ সালের মার্চে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।

পরে জুলাই মাসে প্রকল্পের জমি হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে আন্দোলন শুরু হয়। এই প্রকল্প সিআরবিতে না করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহ্ফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী, জাসদ নেতা জসিম উদ্দীন বাবুল, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, বেলায়ত হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ সরোওয়ার্দী, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, জসিম উদ্দিন, এস এম জসকির হোসেন, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক নুরুল আজিম রনি, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, খেলাঘরের সংগঠক বনবিহারী চক্রবর্তী, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন জিকু, ছাত্রলীগ নেতা মাহামুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দীন মামুন প্রমুখ।

আরও পড়ুন

জনপ্রতিনিধিরা না চাইলে সিআরবিতে হাসপাতাল ‘নয়’: রেলমন্ত্রী  

সিআরবিতে হাসপাতাল হতে দেবেন না বঙ্গবন্ধুকন্যা, আশা অনুপম সেনের  

গানে গানে সিআরবির রক্ষার আবাহন  

হাসপাতাল প্রকল্পটি সিআরবি থেকে সরাতে রেলমন্ত্রীকে চিঠি  

সিআরবিতে হাসপাতালের বিরোধিতায় মেয়র রেজাউলও  

সিআরবিতে অনুমোদনহীন স্থাপনা নির্মাণে ব্যবস্থা: সিডিএ