২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রের গলাকাটা লাশ: শিক্ষক জাফর ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা থেকে ছাত্রের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 08:29 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

চট্টগ্রাম আদালতের পরিদর্শক হুমায়ন কবির জানান, রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম মাহমুদুল হক শুনানি শেষে জাফর আহমেদ নামে এ মাদ্রাসা শিক্ষকের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। অপর দুই শিক্ষক মো. রুস্তম আলী ও শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, জাফর আহমেদকে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের অনুমতি পাওয়া জাফর আহমেদকে হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

বোয়ালখালীর মাদ্রাসায় ছাত্রের গলাকাটা লাশ

‘হাফেজ’ হওয়ার আশায় মাদ্রাসায় ভর্তি, বাড়ি ফিরল লাশ হয়ে

ছাত্রের গলাকাটা লাশ: ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার বোয়ালখালীতে

শনিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহসূফী অছিয়র রহমান (ক.) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় কায়দা শাখার শিক্ষার্থী ইফতেখার মালিকুল মাশফির (৭) গলাকাটা লাশ।

শিশুটিকে হত্যার পর লাশটি কম্বল মুড়িয়ে রাখা হয়েছিল।

চরণদ্বীপ ইউনিয়নের মধ্যম চরণদ্বীপ ফকিরাখালি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আব্দুল মালেকের ছেলে মাশফি। বাড়ির কয়েক কিলোমিটার দূরে ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল তাকে।

মাদ্রাসা ভবনে শিক্ষার্থীর লাশ পাওয়ার পর ওই তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ, মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।