এসিড নিক্ষেপের মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস
চট্টগ্রামে পাঁচ বছর আগে এসিড ঢেলে এক যুবকের চোখ নষ্ট করার পাশাপাশি মুখমণ্ডল ঝলসে দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত; খালাস পেয়েছেন তার স্ত্রী।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা রোববার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সুমিত ধর কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা। তার মত তার স্ত্রী মৌমিতা দত্ত অ্যানিও এক আইনজীবী। ঘটনার পর তারা দুজনেই গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে বেরিয়ে পালিয়ে যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় ২০০২ সালের এসিড নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সুমিত ধরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজা দিয়েছে আদালত।
কিন্তু অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মৌমিতা দত্তকে খালাস দিয়েছেন বিচারক।
সুমিতের সাজা হলেও তার স্ত্রী খালাস পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগী তমাল চন্দ্র দে এবং তার পরিবার।
তমালের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মৌমিতার ফেইসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক হয়েছিল। পরে সম্পর্কের কিছুটা অবনতি হলে মৌমিতা বিয়ে করেন সুমিতকে।
এ ঘটনার জের ধরে ২০১৭ সালের ১০ ফ্রেব্রুয়ারি তমালকে নগরীর গনি বেকারী মোড়ে ডেকে এনে তার মুখ ও চোখে এসিড ঢেলে দেয় সুমিত ও তার সহযোগীরা।
তখন তমালের বাবা বাবুল চন্দ্র দে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। কিছুদিন পলাতক থাকার পর ২০১৭ সালের ৩০ মার্চ গ্রেপ্তার হয় সুমিত ও মৌমিতা। ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরে ওই বছরের ৪ এপ্রিল সুমিত ও মৌমিতা দম্পতি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তমালকে এডিস নিক্ষেপের কথা স্বীকার করে নেন।
রায়ের পর তমালের বাবা বাবুল চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রায়ে সন্তুষ্ট নই। আমার ছেলেটার জীবন শেষ হয়ে গেল অথচ একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
“এসিড নিক্ষেপের মামলায় আসামিরা কীভাবে জামিন পেল? শুরুতে যে আদালতে মামলা ছিল সেখানে ২০১৮ সালের ৩০ মে মৌমিতা জামিন পায় আর ওই বছরের ডিসেম্বরে সুমিত জামিন পায়। জামিন নিয়ে তারা পালিয়ে গেছে।”
বাবুল চন্দ্র দে বলেন, “আমি বয়স্ক মানুষ, অসুস্থ। ন্যায় বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এমনকি প্রধানমন্ত্রী বরাবরেও চিঠি দিয়েছি। আমরা উচ্চ আদালতে যাব। এসিডের মামলায় আসামি কী করে খালাস পায়?”
ভুক্তভোগী তমাল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কি কোনো বিচার পাব না? আসামিরা তো জামিন নিয়ে পালিয়ে গেল। আমার জীবনটা শেষ হয়ে গেলো। আমি তো কারো কোনো ক্ষতি করিনি।”
মোট ২৪ জনের সাক্ষ্য নিয়ে বিচারক এ মামলার রায় ঘোষণা করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী জানান।
