২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে এসিড নিক্ষেপ: দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামে এক বছর আগে এসিড ঢেলে এক যুবকের চোখ নষ্ট করার ঘটনায় আইনজীবী দম্পতিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 04:47 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

শুক্রবার রাতে ঢাকার ভাটারা থানার নতুন বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার মো. কামরুজ্জামান জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমিত ধর ও তার স্ত্রী মৌমিতা দত্ত অ্যানি। ডিগ্রি পাস করা শিক্ষার্থী তমাল চন্দ্রের উপর এসিড নিক্ষেপের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “ফেইসবুকে প্রেমের ঘটনার সূত্র ধরে এসিড নিক্ষেপ করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তমালের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে পাস করা মৌমিতার ফেইসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক হয়েছিল। পরে তমালের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হলে মৌমিতা সুমিতকে বিয়ে করেন।

ওই ঘটনার জের ধরে ২০১৭ সালের ১০ ফ্রেব্রুয়ারি তমালকে গনি বেকারী মোড়ে ডেকে এনে সুমিত ও তার সহযোগীরা তার মুখ ও চোখে এসিড ঢেলে দেয় বলে অভিযোগ।

তখন তমালের বাবা বাবুল চন্দ্র দে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার গ্রেপ্তার হলেন সুমিত ও মৌমিতা।

অন্ধ হয়ে যাওয়া তমাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যদি কোনো অন্যায় করেই থাকতাম তাহলে দেশের আইনের মাধ্যমে তারা বিচার করতে পারত। কেন তারা আমার জীবনটাকে নষ্ট করে দিল?”

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 

কামরুজ্জামান জানান, গ্রেপ্তার সুমিত ও মৌমিতাকে ‍জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।