যুবককে এসিড নিক্ষেপ: ৫ দিনের রিমান্ডে দম্পতি
একবছর আগে এসিড ঢেলে এক যুবকের চোখ নষ্ট করার ঘটনায় গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান শুনানি শেষে সুমিত ধর ও মৌমিতা দত্ত অ্যানির রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দুইজনকে ১০ দিন করে রিমান্ডের নেওয়ার আবেদন করে। বিচারক শুনানি শেষে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার রাতে ঢাকার ভাটারা থানার নতুন বাড়ি এলাকা থেকে আইনজীবী দম্পতি সুমিত ধর ও মৌমিতা দত্ত অ্যানিকে গ্রেপ্তার করা।
ডিগ্রি পাস করা শিক্ষার্থী তমাল চন্দ্রের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
তমালের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে পাস করা মৌমিতার ফেইসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক হয়েছিল। পরে তমালের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হলে সুমিতকে বিয়ে করেন মৌমিতা।
২০১৭ সালের ১০ ফ্রেব্রুয়ারি তমালকে গণি বেকারি মোড়ে ডেকে এনে সুমিত ও তার সহযোগীরা তার মুখ ও চোখে এসিড ঢেলে দেয় বলে অভিযোগ।
