চট্টগ্রামে এক বছরের মধ্যে মেট্রোরেলের কাজ শুরুর তাগিদ
আগামী এক বছরের মধ্যে বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেলের নির্মাণ কাজ শুরুর লক্ষ্য নিয়ে দ্রুততার সঙ্গে সম্ভাব্যতা যাচাই করতে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর পরিবহন মাস্টারপ্ল্যানসহ মেট্রোরেলের সমীক্ষার জন্য প্রাথমিক জরিপ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন তাগিদ দেন।
হাছান মাহমুদ বলেন, “৭০ কোটি টাকা ব্যয়ে যোগাযোগ মাস্টারপ্ল্যান করা হবে চট্টগ্রাম ও আশপাশের এলাকার জন্য। প্রধানমন্ত্রী দু-আড়াই বছর আগে যোগাযোগমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন এটা করার জন্য।”
তথ্যমন্ত্রী জানান, সিটি করপোরেশন এলাকায় এখন ৭০ লাখ মানুষ, ১০ বছরের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হতে পারে। কর্ণফুলীর ওপারে শিল্পায়ন হচ্ছে, এছাড়া মিরসরাইয় শিল্প নগরে ১৫ লাখ শ্রমিক কাজ করবে।
সব মিলে সেখানে ৩০ লাখ মানুষ বসবাস করবে। বে টার্মিনাল হচ্ছে, সেটা রিজিওনাল বন্দর হবে। বর্তমান বন্দরের দ্বিগুণ সক্ষমতায়। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। সবমিলিয়ে দ্রুত অগ্রগতি হবে চট্টগ্রামে।
“মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যত দেখতে পান। পুরনো চট্টগ্রাম শহর সদরঘাট, চকবাজার, বহদ্দারহাট এলাকা ঘনবসতির। একারণে সেন্ট্রাল সিটিতে মেট্রোরেল আন্ডারগ্রাউন্ড করা যেতে পারে।
“হয়ত খরচ তিনগুণ বেশি হবে। এটাই প্রাধান্য দেওয়া উচিত। অন্য এলাকায় উপর দিয়ে করা যেতে পারে।
চট্টগ্রামে মেট্রোরেলের পাশাপাশি প্রধানমন্ত্রী আরও দুটি বিষয় উল্লেখ করেন জানিয়ে তিনি বলেন, “কর্ণফুলী টানেল থেকে রেল স্টেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাও বলেছিলেন। আরেকটি কথা বলেছিলেন, বঙ্গবন্ধু শিল্পনগরকে রাখার জন্য।”
হাছান মাহমুদ বলেন, “আরেকটি কথা বলব, টানেলের ওপারে কিভাবে মেট্রোরেলকে নিয়ে যাওয়া যায়। এগুলো মাথায় রেখেই পরিকল্পনা করা উচিত। ৫টি সংস্থার সাথে আলাদা বসবে কোইকা (কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা)।
“আমাদের সাথেও পরে বসবে। ইঞ্জিনিয়ারিং প্ল্যান তারা করবে। এক বছরের মধ্যে ফিজিবিলিটি স্টাডি করে যাতে দ্রুত এক বছর পর প্রধানমন্ত্রী যেন মেট্রোরেলের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করতে হবে।”
সম্ভাব্যতা যাচাইয়ে অনুদান নিয়ে এগিয়ে আসায় দক্ষিণ কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “চট্টগ্রামের মানুষেরও কোনো দাবি ছিল না মেট্রোরেল নিয়ে। যেহেতু প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তাই তিনি এ ঘোষণা দিয়েছেন।
“যেহেতু দেশ ছোট তাই জমির মাল্টিপল ব্যবহার করতে দিতে হবে। আমার জমি কাউকে ব্যবহার করতে দেব না সে মানসিকতা নিয়ে বসে থাকলে হবে না, এটা পরিহার করতে হবে।”
মেট্রোরেল ঘিরে যত প্রস্তাব
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “তথ্যমন্ত্রী চট্টগ্রামে মেট্রোরেলের কথা বলেছেন। অনেকে বিপক্ষেও বলেছিল। সিটি করপোরেশন এটার পক্ষে।
“চট্টগ্রামে মেট্রোরেল প্রয়োজন কারণ গণপরিবহন ব্যবস্থা হিসেবে সব উন্নত দেশে এটা স্বীকৃত। উন্নয়ন করতে কিছু বিড়ম্বনা পোহাতে হয়। কিন্তু ভোগান্তি বাড়লে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে। অনুরোধ, জনভোগান্তি যেন কম হয়।
“শহরের গুরুত্বপূর্ণ অংশে মেট্রোরেল উপর দিয়ে নেওয়া কঠিন হবে। মূল শহরে আন্ডারগ্রাউন্ড করলে উত্তম হবে। অন্য অংশে উপর দিয়ে নেওয়া যেতে পারে।”
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেক বলেন, “সমস্যা চিহ্নিত করা ভালো, পূর্ব প্রস্তুতি নিতে পারব। এ মুহূর্তে জোর দেব কাজের সাথে সম্পৃক্ত কী, তাতে। আইনগত বিষয় সরকার ও মন্ত্রণালয় ঠিক করবে।
“এক্সপার্ট টিমের নিজস্ব পরিকল্পনা থাকে। রিপোর্ট পেলে দেখব আমাদের সাথে ম্যাচ করছে কিনা। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনগণ গ্রহণ করছে কি না তা সমন্বয় করা হবে।”
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, “মেট্রোরেল ও গণপরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় জরুরি। মেয়র থাকাকালে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সব সংস্থা সরকারি আইনে পরিচালিত, কিন্তু সংস্থা প্রধানদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কাজ করে।
“আমরা বক্তব্যে সুন্দর কথা বললেও কাজ সুন্দর করি না। ব্যক্তিগত ইচ্ছা মুখ্য হয়ে যায়। সময়ক্ষেপণের বিকৃত মানসিকতা আছে। এতে প্রকল্প ব্যয় ও দুর্ভোগ বাড়ে। এখানে অপরাজনীতি আছে, ষড়যন্ত্র, চক্রান্ত ও প্রকল্প বিরোধিতা আছে।
এসময় অস্থায়ী না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ জনবহুল ডলফিন নগরী এবং ভবিষ্যতের কথা ভেবে মেট্রোরেল আন্ডারগ্রাউন্ড করা যায় কি না তা ভেবে দেখার প্রস্তাব দেন।
বন্দর চেয়ারম্যন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, “যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেখানে তত প্রবৃদ্ধি। বে টার্মিনাল হলে মেরিটাইম গ্রোথ হবে। মেরিটাইম রিলেটেড ইন্ডাস্ট্রি হবে। নগরীর জনসংখ্যা ১০ বছরে দ্বিগুণ হবে।
“কর্মসংস্থান থেকে বাসস্থান পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে। “মিরসরাইতে সবচেয়ে বড় শিল্প নগর ও মাতারবাড়িতে ডিপ সি পোর্ট হচ্ছে। বিজনেস হাবগুলোকে এমআরটি (ম্যাস র্যাপিড ট্রানজিট) নেটওয়ার্কের ভিতর রাখতে হবে।
“জমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে হবে। জমি আমার বলে গো ধরে থাকলে হবে না। দেশের স্বার্থে ছাড় দিতে হবে।”
নগর পুলিশের কমিশনার সালেহ মো. তানভীর বলেন, “বড় প্রকল্প চলাকালে ট্রাফিক ফ্লো বাধাগ্রস্ত হয়। জলাবদ্ধতা নিরসন প্রকল্প আছে। সঙ্গে যখন আরও প্রকল্প যোগ হবে দেখতে হবে নগরীর স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়।
“মেগা প্রজেক্টের শেষে এসে প্রবলেম রেইজ করলে তা পয়েন্ট অব নো রিটার্নে চলে যায়। গণপরিবহনের অন্য অংশেরও উন্নয়ন জরুরি। শুধু মেট্রোরেল ভবিষ্যতে ১ কোটি মানুষের জন্য কার্যকর হবে না। সবাই মেট্রোরেল ব্যবহার করবে না।
“গণপরিবহনের সাথে পণ্য পরিবহন নিয়েও ভাবতে হবে। মেট্রোরেল হবার পর নিরাপত্তা ও ব্যবস্থাপনাকারী সংস্থার সক্ষমতা এখন থেকে গড়ে তুলতে হবে। নির্মাণ কঠিন নয়, স্মুথলি অপারেট না হলে জনগণ সুফল পাবে না।”
বৈঠকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন মেট্রোরেল বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত করতে।
“এর সাথে সঙ্গতি রেখে শিল্প নগরগুলোকে যেমন- কালুরঘাট, বিসিক, নাসিরাবাদ শিল্প এলাকা, ইপিজেড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংযুক্ত করতে হবে। উপশহরগুলো থেকে শিল্প নগরে শ্রমিক কর্মচারীরা যাতে সহজে চলাচল করতে পারে।
তিনি বলেন, “মিরসরাই শিল্প নগরীর সাথে কানেকটিভিটি দিতে না পারলে নগরী বাস অযোগ্য হবে ১০ বছরে। বাস টার্মিনালগুলো সংযুক্ত করতে হবে।
“বিমানবন্দর থেকে রেলস্টেশন পথে ইপিজেড, বন্দর-কাস্টমস, নিউমার্কেট, খাতুনগঞ্জ, আন্দরকিল্লা সংযুক্ত করা যায় কী না। প্রবেশদ্বার সিটি গেট, অক্সিজেন, কর্ণফুলি ব্রিজ, কাপ্তাই রাস্তার মাথাকে সংযুক্ত করা যায় কী না।”
রেল স্টেশন ঘিরে মাল্টিপারপাস ভবন, পার্কিংয়ের ব্যবস্থা, শপিং মল, মার্কেট প্লেস রাখা আবশ্যক বলেও জানান তিনি।
বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঞ্চালনায় বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মাহবুবুর রহমান।
বৈঠকে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য রাখেন কান্ট্রি ডিরেক্টর খিম থে হিয়ন। এছাড়া সরকারি বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
