২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেট্রোরেলের সমীক্ষায় আগ্রহী কোরিয়া

বন্দর নগরীতে মেট্রোরেল নির্মাণে প্রাথমিক সমীক্ষায় আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 09:04 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ জানান।

কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি’র (কোইকা) অর্থ সহায়তায় এই প্রাথমিক সমীক্ষা ১৮ মাসে করে দেওয়া যাবে বলে জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।

বৈঠকে থাকা সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বৈঠকে জানিয়েছেন প্রাথমিক সমীক্ষা করতে তারা আগ্রহী। মেয়র মহোদয় উনাদের এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার সার্কিট হাউজে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।”

সিসিসি’র প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোইকার মাধ্যমে তাদের অর্থায়নে প্রাথমিক সমীক্ষার কাজটি উনারা করতে চান। এতে ১৮ মাসের মতো সময় লাগবে। এই সমীক্ষায় যা খরচ হয় তা তারাই করতে চান।”

বৈঠকে মেয়র রেজাউলের বক্তব্য উদ্ধৃত করে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোইকার সহায়তায় প্রকল্পের প্রাথমিক সমীক্ষা কার্যে অনুদান প্রদানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ে যে আগ্রহ প্রকাশ করেছেন, তাকে সাধুবাদ জানাই।”

দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে বিনিয়োগ, তথ্য-প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ বাড়াতেও আহ্বান জানান মেয়র।

সংবাদ বিজ্ঞপ্তিতে লি জেং কিউনকে উদ্ধৃত করে বলা হয়, “কেইপিজেড’র পরিপূর্ণ বাস্তবায়ন হলে অন্যদেশের বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পাবে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামোগত উন্নয়ন ও নিজস্ব ব্র্যান্ডের বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্যে শীঘ্রই অবকাঠামোগত উন্নয়নের জন্য কোইকা’র সহযোগিতায় চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পে নগরীর উন্নয়নের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় ও তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে।”

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি জেং ইউল লি, অধ্যাপক ইলজন চ্যাং, কোইকার প্রতিনিধি চ্যাউন কিম, জিং বো চুই, মো জেন কং, চট্টগ্রাম কোরিয়ান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জিনহুক পাইক।

এর আগে ১৩ জানুয়ারি ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বৈঠকে বন্দর নগরীতে মেট্রোরেল নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহ প্রকাশ করে।

ওই সভায় চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিআরসিসিএল) নামের চীনের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামে মেট্রোরেল বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে।

চট্টগ্রামের মেট্রোরেল: সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী স্থানীয় সরকার মন্ত্রণালয়  

চট্টগ্রামে মেট্রোরেল কোন পথে, ধন্দ কাটছে না  

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রকল্প বিলম্বিত, দুর্ভোগও দীর্ঘায়িত