ছিনতাইয়ের মামলায় বারবার জামিন পাওয়া আসামি ফের গ্রেপ্তার
ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পাওয়া ২২ মামলার এক আসামিকে আবারও ছিনতাইয়ের চেষ্টার সময় সহযোগীসহ ধরেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
সিএনজি অটোরিকশায় করে এক পথচারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলে ধাওয়া করে মো.ইউসুফ (৩২) ও তার সহযোগী মো.সুমন মিয়াকে (২৭) পুলিশ গ্রেপ্তার করে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো.কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সোয়া ১১টার দিকে বিএসআরএম ফ্যাক্টরির সামনে এক পথচারীর ব্যাগ টান দেয় একটি অটোরিকশার আরোহী।
“এসময় ওই পথচারী ছিনতাইকারী বলে চিৎকার শুরু করলে ওই এলাকায় মোটর সাইকেল নিয়ে টহলে থাকা বায়েজিদ থানা পুলিশের সদস্যরা অটোরিকশাটি ধাওয়া করে।”
প্রায় এক কিলোমিটর দূরে গিয়ে শেরশাহ মিটার মোড় এলাকা থেকে পুলিশ অটোরিকশাটি আটক করে। এসময় দুটি কিরিচসহ ইউসুফ ও সুমনকে গ্রেপ্তার করা বলে জানান তিনি।
তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র আইন এবং দণ্ডবিধির ধারায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ।
ওসি কামরুজ্জামান বলেন, “ইউসুফ অটোরিকশা নিয়ে ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে পথচারী কিংবা রিকশা আরোহীদের মালামাল ছিনিয়ে নেয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ২২টি মামলার সন্ধান পাওয়া গেছে।
“যেগুলোর বেশিরভাগই ছিনতাই এবং অস্ত্র আইনের মামলা। ইউসুফ এপর্যন্ত বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছে। প্রতিবার জামিনে বের হয়ে নতুন করে সদস্য সংগ্রহ করে সে ছিনতাই শুরু করে।”
২০১৮ সালে খুলশী থানার জাকির হোসেন রোডে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির এক বিদেশি শিক্ষকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা তুলে ধরে ওসি জানান, সেবারও গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পায় ইউসুফ।
“গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলির’ পর ইউসুফকে গুলিবিদ্ধ অবস্থায় এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ওই বিদেশি শিক্ষকের ক্যামেরা উদ্ধার করা হয়েছিল।
“এই মামলায় জেল থেকে বের হয়ে ছিনতাইয়ে জড়িয়ে ২০১৯ সালের অগাস্টের দিকে আবারও গ্রেপ্তার হয়। সে মামলায়ও জামিনে ছাড়া পেয়ে নতুন করে ছিনতাই শুরু করে।”
পুলিশ কর্মকর্তা জানান, ২০০৫ সাল থেকে ইউসুফ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ওই সময় সে হামকা নূর আলম গ্রুপের সক্রিয় সদস্য ছিল। প্রায় পাঁচ বছর ওই দলের হয়ে ছিনতাই করার পর সে ধরা পড়ে।
“জামিনে ছাড়া পাওয়ার পর সে নিজেই ছিনতাইয়ের একটি দল তৈরি করে। এই দলটিতে যারা জড়িত তাদের মধ্যে অনেকেই সিএনজি অটোরিকশা চালক।
“মালিকের কাছ থেকে ভাড়া নেওয়া অটোরিকশা দিয়ে যাত্রী পরিবহনের নামে তারা ছিনতাই করে। এজন্য তারা অটোরিকশা সিএনজিতে না চালিয়ে তেল দিয়ে চালায়, যাতে দ্রুত পালিয়ে যেতে পারে।
যাত্রীদের নিরাপদে চলাচল নিশ্চিত করতে এ মাসের শুরুতে নগরীর সব সিএনজিচালিত অটোরিকশার তথ্য নিজেদের সার্ভারে আনার প্রক্রিয়া শুরু করেছিল চট্টগ্রাম নগর পুলিশ।
প্রক্রিয়াটি সম্পন্ন হলে যাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে মালিক ও চালকের সব তথ্য জেনে নিতে পারবেন, যা অটোরিকশায় চলাচলকে নিরাপদ করবে বলে মনে করছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
