চট্টগ্রামে গোলাগুলির পর দুই ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে গোলাগুলির পর আহত অবস্থায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তাদের কাছ থেকে গত ২১ ফেব্রুয়ারি ছিনতাই হওয়া এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ব্রিটিশ শিক্ষকের ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার ভোর রাতে খুলশী থানার আমবাগান এলাকার পূবালী মাঠের পাশে রেল লাইনের কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
“রাতে আমাদের কাছে সংবাদ আসে, রেল লাইনের ধারে একটি জুয়ার আসরে বসেছে একদল ছিনতাইকারী। সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।”
গোলাগুলির এক পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও শেখ ফরিদ ও মো. ইউসুফ নামে দুই ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, “গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ব্রিটিশ নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদের বক্তব্যের ভিত্তিতে কদমতলী এলাকায় ফরিদের বাসা থেকে ক্যামেরাটি উদ্ধার করা হয়।”
চট্টগ্রামের এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির রাইটিং সেন্টারের পরিচালক ব্রিটিশ নাগরিক জুলিয়া ডেভিস গত ২১ ফেব্রুয়ারি তার বাবাকে নিয়ে রিকশায় করে যাওয়ার সময় জাকির হোসেন রোডে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার ক্যামেরাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
ওই ঘটনায় গত শনিবার টাইগার পাস এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল। সোমবার ভোরে আরও দুইজনকে গ্রেপ্তার করার পর জুলিয়া ডেভিসের ক্যামেরা উদ্ধারের খবর দিল পুলিশ।
অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) হুমায়ন কবির বলেন, গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান ও দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি কিরিচ, একটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
