যুক্তরাষ্ট্রকে ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান তথ্যমন্ত্রীর
দেশের যারা ‘স্বাধীনতা চায়নি’ এবং উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে যারা ‘ঈর্ষান্বিত’ তাদের কথায় যুক্তরাষ্ট্রকে ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে বুধবার চট্রগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক আলোচনাসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র, তাদের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সাথে আমাদের সহযোগিতা রয়েছে।
“তাই আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবো যারা এদেশের স্বাধীনতা চায়নি, এদেশের উন্নয়ন সমৃদ্ধি নিয়ে ঈর্ষান্বিত তাদের কথায় যেন তারা প্রভাবিত ও বিভ্রান্ত না হয়।”
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে যুক্তরাষ্ট্রের প্রতি এটা ‘মুজিববর্ষের প্রত্যাশা’ বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আয়োজনে গণতন্ত্র সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে কদিন আগে গণতন্ত্র সম্মেলন হয়েছিল, গণতন্ত্র সম্মেলনে পাকিস্তানসহ অনেককে দাওয়াত করা হল।
“কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে যেভাবে হামলা ও কয়েকজনকে হত্যা করা হয়েছিল এমন ঘটনা কখনো বাংলাদেশে হয়নি।”
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ‘সামিট ফর ডেমোক্রেসি’ নামে যে বৈশ্বিক গণতন্ত্র সম্মেলনের আয়োজন করে, তাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি।
যক্তরাষ্ট্রের কিছু ঘটনার বর্ণনা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের ফলাফলকে ভণ্ডুল করার জন্য সংসদে হামলা হয়, সেখানে ঘেরাও করে পুলিশ অফিসারসহ কয়েকজনকে হত্যা করা হয়, তাদের স্পিকারের চেয়ারে বসে ছবি তোলা হয়।”
এসব উদাহরণ তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, “যাদের দেশে এই ধরনের ঘটনায় গণতন্ত্র হুমকির সম্মুখীন, তারা অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার অধিকার রাখে কী?”
সম্প্রতি র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “আমরা বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি।
“এক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ-র্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে তাদের কয়েকজনের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা, এটি আসলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, উৎসাহিত করছে।”
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত শুক্রবার যুক্তরাষ্ট্র ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে বাংলাদেশের র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বাংলাদেশের অগ্রগতি ‘অনেকের পছন্দ হয় না’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।”
তিনি বলেন, “আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। যেই পাকিস্তান স্বাধীনতা অর্জনের পর বলেছিল, বোকা বাঙালি চলে গেছে, ভালো হয়েছে। আমাদের খাটো করে তারা অহংকার করেছে। সেই পাকিস্তান সংশয়ে ছিল আদৌ বাংলাদেশ টিকে থাকতে পারবে কি না। সেই পাকিস্তান আজ দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে পাকিস্তানকে আমরা পেছনে ফেলেছি।”
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহর সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, এটিএম পিয়ারুল ইসলাম।
আরও পড়ুন:
