রেল ক্রসিংয়ে দুর্ঘটনা: বাসচালককে দায়ী করে প্রতিবেদন
চট্টগ্রামের খুলশীর ঝাউতলা লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটো রিকশাসহ তিন গাড়ির সংঘর্ষের জন্য বাসচালককে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে।
পূর্ব রেলের এই তদন্তে ক্রসিংয়ের গেইটম্যানের অবহেলার কথাও বলা হয়েছে।
গত ৪ ডিসেম্বর সকালে নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডের ঝাউতলা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্র গাড়িকে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস ধাক্কা দিয়ে চলন্ত ডেমু ট্রেনের উপর আছড়ে ফেললে কর্তব্যরত এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়।
ঘটনার পর পূর্ব রেলের পক্ষ থেকে সহকারী ট্রাফিক কর্মকর্তাকে (এটিও) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মোহাম্মদ ইমরান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবেদনে বাসচালক শহীদুল আলমকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা এড়ানোর জন্য বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে।”
দুর্ঘটনার পরপরই পুলিশ ও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, গেইটম্যানের অবহেলার কারণেই ওই দুর্ঘটনা ঘটে এবং ওই ক্রসিংয়ের একদিকের লোহার বার ফেলা ছিল না। একদিন পর গেইটম্যান আশরাফুল আলমগীর ভূইয়াকে আটক করে খুলশী থানা পুলিশ।
এ ঘটনায় রেল পুলিশ যে মামলা করে, তাতে বাসচালককে আসামি করা হয়। গত গত ৯ ডিসেম্বর বাসচালক শহীদুল আলমকে র্যাব গ্রেপ্তার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করে।
রেলের তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসের চালক বেপরোয়া গতিতে না চালালে ওই দুর্ঘটনা হয়ত এড়ানো যেত। এছাড়া গেইটম্যান একপোশের লোহার বেরিয়ার না ফেলায় সেদিকে এ দুর্ঘটনা ঘটেছে। গেইটম্যানের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।”
দুর্ঘটনা এড়াতে ক্রসিংয়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, লেভেল ক্রসিং আধুনিকায়নসহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
এই সংক্রান্ত খবর
