২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা: বাস চালক গ্রেপ্তার

চট্টগ্রামের ঝাউতলা লেভেল ক্রসিংয়ে ‘নিয়ম না মেনে’ রেল লাইনে উঠে পড়া অটোরিকশা ও বাসে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যুর ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 02:24 PM

Updated : 02 Aug 2022, 06:40 PM

মিরসরাই উপজেলার শায়েরখালী বেড়িবাঁধ এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে চালক মো. শহিদুল আলমকে (৪৮) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার নিয়াজ মোহাম্মদ চপল জানান।

গত শনিবার সকালে খুলশী থানা এলাকায় জাকির হোসেন রোডের ঝাউতলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত এবং আটজন আহত হন।

র‌্যাব কর্মকর্তা চপল বলেন, “দুর্ঘটনার পর থেকেই পালিয়ে ছিলেন বাস চালক শহিদুল। প্রথমে সে পালিয়ে ঢাকায় যায়। সেখানে কয়েকদিন থাকার পর মিরসরাইয়ে শায়েরখালী উপকূলীয় এলাকায় তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার গতিবিধি নজরদারিতে রেখে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।”

দুর্ঘটনার পর চট্টগ্রাম রেলওয়ে পুলিশ বাদী হয়ে বাস চালক শহিদুল আলমকে আসামি করে একটি মামলা করেছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সেসময় জানায়, নিয়ম না মেনে একটি অটোরিকশা ও বাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। এসময় বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে তা রেল লাইনে উঠে পড়ে।

ট্রেন আসার সময় সড়কের একপাশে লোহার বার দিয়ে আটকানো হলেও অপর পাশে খোলা ছিল জানিয়ে গেইটম্যানের বিরুদ্ধে ‘গাফিলতির’ অভিযোগও পায় পুলিশ।

ঘটনার পরপর ওই ক্রসিংয়ের গেইটম্যান আলমগীর ভুইয়া পালিয়ে গেলেও রোববার তাকে আটক করে পুলিশ। দুর্ঘটনার পরই আলাদা দুটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

রেল দুর্ঘটনা: ঝাউতলার গেইটম্যান আটক  

চট্টগ্রামে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা: লাইনম্যানের বিরুদ্ধে ‘গাফিলতির’ অভিযোগ  

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ২