সংখ্যায় বেড়েছি, গুণগত পরিবর্তন হয়নি: নাছির
দল ক্ষমতায় থাকায় সংখ্যায় বাড়লেও নেতাকর্মীদের গুণগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বুধবার প্রয়াত নগর আওয়ামী লীগ নেতা এম এ রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
নগরীর থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত স্মরণ সভায় নগর কমিটির সাধারণ সম্পাদক নাছির বলেন, “এম এ রশীদ কঠিন সময় উত্তরণে রাজপথের নেতা-কর্মীদের একজন কৌশলগত পরামর্শক ছিলেন। এ ধরনের সদাচারী ও শুদ্ধাচারী মানুষরা হারিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উনাদের শুভ সুকৃতিকে সুরক্ষা করতে হবে।
“আমাদের মধ্যে চেতনাগত ও মনোগত পরিবর্তন হয়নি বলে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি বার বার ক্ষুণ্ন হচ্ছে। দল ক্ষমতায় আছে বলে সংখ্যাগত পরিসংখ্যান বাড়ছে, তবে গুণগত পরিবর্তন হয়নি।”
সাবেক মেয়র নাছির বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত অর্জন ও কীর্তি আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারিনি বলেই আজ অশুভ অপশক্তি ফণা তুলছে। আমাদের নিজেদের মধ্যে আত্মশুদ্ধি প্রয়োজন, দলের প্রতি আনুগত্য প্রয়োজন, সব চেয়ে বড় প্রয়োজন দেশ প্রেম।”
সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “চট্টগ্রামে আওয়ামী রাজনীতি ঘরানাকে যারা প্রতিষ্ঠিত করেছেন তাঁদের স্মরণে-মননে ধারণ করতে হবে। প্রয়াত এম এ রশীদ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি স্বার্থক জনপ্রতিনিধি। বর্তমান প্রজন্ম উনাদের অন্তরে ধারন করতে হবে।”
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলকরণ ওয়ার্ডের চার বারের নির্বাচিত কমিশনার ছিলেন এম এ রশীদ।
নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহামুদ, শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন।
