‘পরীর পাহাড়’ নাম ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা
চট্টগ্রাম আদালত ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান যে পাহাড়ে, নথিপত্রে ও লেখায় তা ‘পরীর পাহাড়’ হিসেবে প্রচার না করতে একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছে আদালত।
আইনজীবীদের আবেদনে বুধবার চট্টগ্রামের প্রথম জ্যেষ্ঠ সহকারী জজ ইসরাত জাহান এ আদেশ দেন।
এর আগে রোববার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন এলাকাটির নাম ‘কোর্ট হিল’ হিসেবে প্রচার এবং ‘পরীর পাহাড়’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে প্রতিনিধিত্বমূলক মামলা করেন।
সেদিন আদালত তিন দিনের মধ্যে জবাব দিতে মামলার বিবাদি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছিলেন।
বুধবার বিবাদীদের পক্ষ থেকে এ বিষয়ে জবাব দিতে সময়ের আবেদন করা হয়। পাশাপাশি আইনজীবীদের পক্ষ থেকে ‘পরীর পাহাড়’ নাম ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করা হয় আদালতে।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়ে আমাদের করা আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে শুনানি শেষে আদালত ‘পরীর পাহাড়’ হিসেবে চিঠিপত্রে লেখা, বলা ও প্রচারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিয়েছেন।
“মামলার বিবাদী পক্ষে জবাব দিতে সময়ের আবেদন করেছেন। ৯ জানুয়ারি পর্যন্ত সময় মঞ্জুর করেছেন আদালত। সেই সময় পর্যন্ত অন্তর্বর্তী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি যে কোনো মামলা পদ্ধতিগতভাবে যেভাবে এগোয়, এটাও সেভাবে আগাবে। সকল ঐতিহাসিক নথিপত্র, বই এবং ক্রয় ও হস্তান্তর দলিলে যেভাবে আছে তাসহ উপস্থাপন করে আদালতে জবাব দেওয়া হবে।
“আমাদের মূল লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন। আর তা হল এই এলাকা থেকে সব ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ করে সৌন্দর্য ফিরিয়ে আনা এবং নিরাপত্তা নিশ্চিত করা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাব।”
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ‘কোর্ট হিল’ বললেও জেলা প্রশাসন বলছে, ব্রিটিশ আমলে পাহাড়টি অধিগ্রহণের সব নথিপত্র ছাড়াও ‘পরীর পাহাড়’ নামের পক্ষে ঐতিহাসিক বইপত্রে প্রমাণ আছে।
এর মধ্যে বুধবার চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে পরীর পাহাড় ও সেখানকার শতবর্ষী স্থাপনা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি জানায় সরকারের কাছে।
পরীর পাহাড়ে ওঠার ঢালে আইনজীবীদের বর্তমান পাঁচটি ভবনের পাশে আরও দুটি নতুন ভবন করা নিয়ে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনের দ্বন্দ্বের বিষয়টি চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে সামনে আসে।
এর মধ্যেই পরীর পাহাড়ে নতুন স্থাপনা নির্মাণ না করতে এবং অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হলে তাতে সায় দেন প্রধানমন্ত্রী।
এরপর পরীর পাহাড়কে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে সংরক্ষণে জেলা প্রশাসনের প্রস্তাব বিবেচনা করার কথাও জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সবশেষ গত ২৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়া হয়েছে। এতে কেপিআই (সরকারি গুরুত্বপূর্ণ) স্থাপনা হিসেবে বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা দেয়াল ঘেষে ‘ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ ও অধিগ্রহণ’ বিষয়ে প্রচলিত আইন ও বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
