‘পরীর পাহাড়’ না ‘কোর্ট হিল’- বিবাদ গড়াল আদালতে
চট্টগ্রাম আদালত ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান যে পাহাড়ে, সরকারি নথিপত্রে তার পরিচিতি ‘পরীর পাহাড়’ নাকি ‘কোর্ট হিল’ হবে তা নিয়ে বিবাদ আদালতে গড়িয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ‘কোর্ট হিল’ নামের পক্ষে ‘অতীতের সরকারি নথির’ নজির তুলে ‘পরীর পাহাড়’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়েছে।
জেলা প্রশাসন বলছে, ব্রিটিশ আমলে পাহাড়টি অধিগ্রহণের সব নথিপত্র ছাড়াও ‘পরীর পাহাড়’ নামের পক্ষে ঐতিহাসিক বইপত্রে প্রমাণ আছে।
রোববার প্রথম সিনিয়র এসিসট্যান্ট জজ ইসরাত জাহানের আদালতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে প্রতিনিধিত্বমূলক মামলাটি করেছেন সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন।
এতে বিবাদি করা হয়েছে- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারকে (ভূমি)।
জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রিটিশ সরকার এই পাহাড়টাকে নিয়েছিল কোর্ট বিল্ডিং করার জন্য। ব্রিটিশ আমলে নির্মিত লাল ভবনটি কোর্ট বিল্ডিং এবং এলাকাটি কোর্ট হিল হিসেবে পরিচিত। এই পুরোটাই।”
বর্তমান জেলা প্রশাসক চট্টগ্রামে আসার আগে সব সরকারি নথিতে ডাকঘরসহ সরকারি স্থাপনাগুলোর ঠিকানা হিসেবে ‘কোর্ট হিল’ লেখা রয়েছে দাবি করে এই আইনজীবী বলেন, “তিনি আসার পর এটার নাম পরিবর্তন করে করতে চান পরীর পাহাড়। আমরা বলেছি পরীর পাহাড় লেখা যাবে না।”
পরীর পাহাড় নামকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ নাম ব্যবহারের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না আদালত তার জবাব তিন দিনের মধ্যে বিবাদিদের কাছে চেয়েছে বলে জিয়া উদ্দিন জানান।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা কী নামে অধিগ্রহণ করা হয়েছিল এবং রেকর্ড হয়েছে এ সংক্রান্ত সকল নথিপত্র আছে। এটা চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির একটা অংশ। চট্টগ্রামে ইতিহাস ও সংস্কৃতির সমঝদার ও সেবক যারা তারাও আশা করি বিষয়টি দেখবেন। ইতিহাসের বই ও নথিপত্রে কীভাবে তা আছে।
“আদালতে মামলা যেহেতু হয়েছে সেটি মামলার প্রক্রিয়ায় চলবে।”
পরীর পাহাড়ের সকল অবৈধ ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে সরকারের যে নির্দেশনা আছে তা বাস্তবায়ন থাকবে বলে তিনি জানান।
পরীর পাহাড়ে ওঠার ঢালে আইনজীবীদের বর্তমান পাঁচটি ভবনের পাশে আরও দুটি নতুন ভবন করা নিয়ে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনের দ্বন্দ্বের বিষয়টি চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে সামনে আসে।
এর মধ্যেই পরীর পাহাড়ে নতুন স্থাপনা নির্মাণ না করতে এবং অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হলে তাতে সায় দেন প্রধানমন্ত্রী।
এরপর পরীর পাহাড়কে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে সংরক্ষণে জেলা প্রশাসনের প্রস্তাব বিবেচনা করার কথাও জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সর্বশেষ গত ২৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়া হয়েছে। এতে কেপিআই (সরকারি গুরুত্বপূর্ণ) স্থাপনা হিসেবে বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা দেয়াল ঘেষে ‘ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ ও অধিগ্রহণ’ বিষয়ে প্রচলিত আইন ও বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
কেপিআই স্থাপনার ‘নিরাপত্তা বিবেচনায়’ এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা দেয়াল ঘেষে আইনজীবীদের ভবনগুলো অবস্থিত।
পরীর পাহাড়, আদালত ভবন ও সংলগ্ন এলাকার টিলা শ্রেণির ভূমির বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ ও পরিবেশ অধিদপ্তর থেকে মতামত চাওয়া হলে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা পরিদর্শন শেষে মতামত দেন। তাতে জানানো হয়, আইনজীবীদের ৫ ভবনের পরিবেশ ছাড়পত্র নেই।
জেলা প্রশাসক বলে আসছেন, পরীর পাহাড়ে সরকারি স্থাপনার বাইরে তিন শতাধিক অবৈধ অনুমোদনহীন স্থাপনা আছে। আইনজীবীদের ভবন নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি এবং লিজ নেয়া জমির অতিরিক্ত জমি দখলে নিয়ে ভবনগুলো নির্মাণ করা হয় বলে দাবি জেলা প্রশাসনের।
বিপরীতে আইনজীবী সমিতির দাবি, সিডিএর অনুমোদন নিয়ে তারা ভবনগুলো নির্মাণ করেছেন। নতুন দুই ভবন নির্মাণ কাজ ঠেকাতেই ‘মিথ্যাচারের’ আশ্রয় নিয়ে মন্ত্রীপরিষদ বিভাগে কাছে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিবেদন উত্থাপন করেছে বলেও দাবি আইনজীবীদের।
ইতিহাসবিদ আবদুল হক চৌধুরী তার ‘বন্দর শহর চট্টগ্রাম’ গ্রন্থে লেখেন- পরীর পাহাড় নামটি মুসলিম প্রভাবিত।… ১৬৬৬ খ্রিস্টাব্দে চট্টগ্রামে মোগল বিজয়ের প্রাক্কাল পর্যন্ত আরকানি শাসনামলে পরীর পাহাড় একজন পর্তুগিজের সম্পত্তি ছিল। ইংরেজ রাজত্বকালে পরীর পাহাড় ‘ফেয়ারি হিল’ নামে খ্যাত হয়।
ব্রিটিশ শাসনামলে হাতবদল হয়ে উনবিংশ শতকের মাঝমাঝি সময়ে তা বাঙালি জমিদার অখিল চন্দ্র সেনের হাতে আসে। ১৮৮৯ সালে অখিল চন্দ্রের কাছ থেকে ‘পরীর পাহাড়’ কিনে নেয় ব্রিটিশ সরকার।
১৮৯৩-৯৪ সালে ছয় লাখ টাকা ব্যয়ে রাইটার্স বিল্ডিং এর আদলে দুই তলা আদালত ভবন নিমার্ণ করা হয়। সেই থেকে সোয়া একশ বছরেরও বেশি সময় ধরে এই ভবনে বিচারিক কার্যক্রম চলে। পরে বিভিন্ন সময় ভবনটি সংস্কার করা হয়।
পুরনো ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হলে ঐতিহ্য সংরক্ষণের দাবিতে চট্টগ্রামের নাগরিক সমাজ আন্দোলন গড়ে তোলে।
পরে ২০১০ সালে পুরাতন ভবনের পিছনে চারতলা নতুন আদালত ভবন নির্মাণ করা হয় ৩২ কোটি টাকা ব্যয়ে। সংস্কারের পর শতবর্ষী পুরাতন আদালত ভবনটি তখন থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।
এই ভবন নির্মাণে ব্রিটিশ সরকারের কাছে আবেদনকারী সেসময়ের বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারী কবি নবীন চন্দ্র সেন আত্মজীবনীতে লিখেছেন, কমিশনার, জজ, কালেক্টর, ম্যাজিস্ট্রেটমহ সব অফিসের সমাবেশ ঘটাতে ফেয়ারী হিল (পরী পর্বতের) উপর বৃহৎ অট্টালিকা করার প্রস্তাব করেছিলেন তিনি।
