২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীর পাহাড়ের শতবর্ষী স্থাপনা সংরক্ষণের দাবি

পরীর পাহাড়কে ঐতিহাসিক স্থান হিসেব ঘোষণা করে শতবর্ষী স্থাপনাগুলো সংরক্ষণের দাবি জানিয়েছে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 09:40 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম আদালত ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের অবস্থান যে পাহাড়ে, সরকারি নথিপত্রে তার পরিচিতি ‘পরীর পাহাড়’ নাকি ‘কোর্ট হিল’ হবে তা নিয়ে বিবাদ আদালতে গড়ানোর পর এই দাবি উঠল।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবুল কাসেম বলেন, “সাতশ বছরের ইতিহাস সমৃদ্ধ পরীর পাহাড়। এই সমৃদ্ধ ইতিহাস ও প্রত্ন নিদর্শন দেশের সম্পদ। চট্টগ্রাম তথা দেশের ঐতিহ্য সমৃদ্ধ করতে তা সংরক্ষণের বিকল্প নেই। পরীর পাহাড়কে প্রত্ন সম্পদ করার সরকারি উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।”

লিখিত বক্তব্যে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনোজ কুমার দেব বলেন, “চৌধুরী পূর্ণচন্দ্র তত্ত্বনিধি রচিত ১০১ বছর আগে প্রকাশিত ‘চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থে পরীর পাহাড় বা ফেয়ারি হিল নাম ছিল বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে ড. সুনীতিভূষন কানুনগো, আবদুল হক চৌধুরী পরীর পাহাড় নিয়ে বিস্তারিত লিখেছেন।

“গবেষক আবদুল হক চৌধুরীর গবেষণা মতে, ইংরেজরা পরীর পাহাড়ের নাম পরিবর্তন না করে ইংলিশ অনুবাদে ‘ফেয়ারী হিল’ বলে অভিহিত করতো। ব্রিটিশ শাসন শুরুর পর মি. ট্যাঙরা নামের এক ইংরেজ ক্যাপ্টেন পর্তুগিজ জন হ্যারির কাছ থেকে পাহাড়টি কিনে নেন। তার কাছ থেকে কেনেন মি. প্যারেডা নামের একজন। ১৮৫০ সালের আগে এসব ক্রয়-বিক্রয় ও হস্তান্তর সম্পন্ন হয়।”

আবদুল হক চৌধুরীর ‘বন্দর শহর চট্টগ্রাম’ গ্রন্থ উদ্ধৃত করে অধ্যাপক মনোজ কুমার দেব বলেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি শাসন ও রানী ভিক্টোরিয়ার রাজত্বকালে চট্টগ্রামের প্রশাসনিক কেন্দ্র ছিল নিজশহর মৌজায় এবং বর্তমান ড. মুহাম্মদ এনামুল হক সড়কের পশ্চিমের মাদ্রাসা পাহাড় ও সংলগ্নপাহাড় শীর্ষে। তখন চট্টগ্রামের আলা সদর আমিন আদালত ছিল মাদ্রাসা পাহাড়ে। সংলগ্ন পশ্চিম দিকের পাহাড়ে ছিল সদর মুন্সেফি ও আরেকটি আলা সদর আদালত।”

জনসংখ্যা বৃদ্ধি ও শহর দক্ষিণ দিকে সম্প্রসারিত হওয়ায় সরকারি অফিস ও আদালতসমূহ স্থানান্তরের প্রয়োজনে ১৮৮৯ সালে জমিদার অখিল চন্দ্র সেনের কাছ থেকে ৯ হাজার টাকায় পরীর পাহাড় কিনে নেয় ব্রিটিশ সরকার।

মহাকবি নবীন চন্দ্র সেনের আত্মজীবনী ‘আমার জীবন’ গ্রন্থে ফেয়ারী হিল (পরী পর্বত) উল্লেখ থাকার বিষয়টিও লিখিত বক্তব্যে উল্লেখ করেন অধ্যাপক মনোজ কুমার দেব।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আলীউর রহমান বলেন, “২০০১ সালে পুরাতন আদালত ভবন ভাঙা ও নতুন আদালত ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হলে হাইকোর্টে রিট করা হয়। মামলায় আদালত ভবনকে পুরার্কীতি হিসেবে ঘোষণার আবেদন করা হয়েছিল।

“তখন ৯ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি আদালত ভবন পুরার্কীতি হিসেবে সংরক্ষণের মত দেন। ২১ বছর পরে এসে এটি নিয়ে নতুন করে বিতর্কের সুযোগ নাই।”

এক প্রশ্নের জবাবে আলীউর রহমান বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। তবে শত বছর আগের বইপত্রেও নাম ছিল পরীর পাহাড়। হাজার বছরের বিবর্তনে পরীর পাহাড় হয়েছে। ইতিহাস ঐতিহ্য হিসেবে তা সংরক্ষিত হতে হবে।”

সংবাদ সম্মেলনে বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসীন কাজী বলেন, “পরীর পাহাড়ের বিশদ ইতিহাস আছে। প্রাচ্যের রানী খ্যাত চট্টগ্রামের অলংকার এই পরীর পাহাড়। ইতিহাস পরিবর্তন করা যায় না।

“পরীর পাহাড় সংরক্ষণে সরকারি বিভিন্ন সংস্থার অনুসন্ধানে পাওয়া তিন শতাধিক অবৈধ স্থাপনার সরানো জরুরী। সরকার পরীর পাহাড় রক্ষা করতে চায়। আশাকরি সরকার সিআরবিতে পিপিপি প্রকল্প থেকেও সরে আসবে। সকল ঐতিহ্য রক্ষায় আমরা একই দাবি জানাই। ঐতিহ্য ধ্বংসের যে কোনো বিষয়ে প্রতিবাদ জানাব।”

সংবাদ সম্মেলনে গবেষণা কেন্দ্র পাঁচটি দাবি উত্থাপন করে।

এরমধ্যে আছে- পরীর পাহাড়ের ১৩০ বছরের ঐতিহাসিক স্থাপনা প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ। কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় প্রস্তাবিত প্রশাসনিক কমপ্লেক্সের পাশাপাশি বিচারিক কার্যক্রমের জন্য সেখানে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে পরীর পাহাড়কে ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়ে সংরক্ষণ করা।

দাবির মধ্যে আছে- পাহাড়ের ঢালে নির্মিত অগ্নি ও ভূমিকম্প ঝুঁকিতে থাকা ভবন ভেঙে ফেলা। ভূতাত্ত্বিক জরিপ করে পুরো এলাকার অবৈধ সরকারি বেসরকারি স্থাপন সরিয়ে লাল ভবনটি (আদালত ভবন) সংরক্ষণের ব্যবস্থা নেয়া এবং পুরো পরীর পাহাড়কে প্রত্ন সম্পদ আইনে সংরক্ষণ ও লাল ভবনটিকে হেরিটেজ ঘোষণা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের সংগঠক কায়সার আলী চৌধুরী ও নির্বাহী সদস্য শ্যামল বিশ্বাস প্রমুখ।

পরীর পাহাড়ে ওঠার ঢালে আইনজীবীদের বর্তমান পাঁচটি ভবনের পাশে আরও দুটি নতুন ভবন করা নিয়ে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনের দ্বন্দ্বের বিষয়টি চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে সামনে আসে।

এর মধ্যেই পরীর পাহাড়ে নতুন স্থাপনা নির্মাণ না করতে এবং অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হলে তাতে সায় দেন প্রধানমন্ত্রী।

এরপর পরীর পাহাড়কে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে সংরক্ষণে জেলা প্রশাসনের প্রস্তাব বিবেচনা করার কথাও জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।# বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম

‘পরীর পাহাড়’ না ‘কোর্ট হিল’- বিবাদ গড়াল আদালতে  

পরীর পাহাড় নিয়ে জেদাজেদির কিছু নেই: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব  

পরীর পাহাড়কে ‘হেরিটেজ’ করার প্রস্তাব, সরকারি অফিস যাবে কালুরঘাট  

পরীর পাহাড়ে নতুন স্থাপনায় ‘প্রধানমন্ত্রীর মানা’  

চট্টগ্রামে পরীর পাহাড়ে ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বে প্রশাসন ও আইনজীবী সমিতি