কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে ফিশারিঘাট থেকে নৌ পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।
ওই যুবকের প্যান্টের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ বলছে, তার নাম ফাইয়াজ নূর (২১)। তার বাসা বায়েজিদ থানার শেরশাহ কলোনিতে।
সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ভেসে ফিশারীঘাট এলাকায় এসে ফিশিং বোটের সঙ্গে আটকে ছিল।
ওসি জানান, যুবকের প্যান্টের পকেটে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে ঠিকানা নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসছে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা যুবকের পরিবারের সদস্যদের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে।
পরিবারের সদস্যরা পুলিশ জানিয়েছে, ফাইয়াজ গত বৃহস্পতিবার বিকালে দোকান থেকে গ্যাস বিলের কপি আনতে যাচ্ছে বলে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু তারা সে দোকানে খোঁজে নিয়ে জেনেছেন ফাইয়াজ দোকানে যায়নি।
ফায়াজ নগরীর একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
ওসি কামরুজ্জামান বলেন, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজির কথা জানালেও থানায় কোন নিখোঁজ জিডি করেনি।
