২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘কালো ছত্রাকের’ আরেক রোগী

চট্টগ্রামে ‘কালো ছত্রাকে’ আক্রান্ত আরও এক রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 08:16 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এই রোগীর বিভিন্ন পরীক্ষার পর তার ‘কালো ছত্রাক’ সংক্রমণ শনাক্ত হয়।

৪৮ বছর বয়সী ওই পুরুষ রোগীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

ওই ব্যক্তি চট্টগ্রামে ‘কালো ছত্রাকে‘ আক্রান্ত হওয়া দ্বিতীয় রোগী।

ডা. সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রোগী কোভিড পজিটিভ ছিলেন না। তবে তার কিছু সিম্পটম ছিল। তিনি শনিবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার তার ব্লাক ফাঙ্গাস নিশ্চিত হওয়া যায়।”

তিনি বলেন, মেডিকেল বোর্ড বসিয়ে ওই রোগীর চিকিৎসার বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

এর আগে ‘কালো ছত্রাক’র উপসর্গ নিয়ে গত ২৪ জুলাই চমেক হাসপাতালে প্রথম রোগী হিসেবে ষাটোর্ধ এক নারী ভর্তি হন। তিনি এখনও চিকিৎসা নিচ্ছেন।

ডা. সাজ্জাদ জানান, প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়া নারীর সোমবার অস্ত্রোপচার হয়েছে। চোখ, নাক, কান গলা, মেডিসিনসহ বিভিন্ন বিভাগের সমন্বয়ে অস্ত্রোপচার হয়।

ওই রোগী শারীরিক অবস্থা ‘ভালো’ বলেও জানান তিনি।

চট্টগ্রামে এক কোভিড রোগী ‘কালো ছত্রাকে’ আক্রান্ত বলে সন্দেহ  

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাস হিসেবে পরিচিত ‘মিউকরমাইকোসিস’।

এই ছত্রাক সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসে আক্রমণ করে। ডায়াবেটিস, এইডস বা ক্যান্সারে যারা আক্রান্ত, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণভাবে দুর্বল, তাদের ক্ষেত্রে এ সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এতে আক্রান্তদের মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, মুখের একপাশ ফুলে যওয়া, চোখ ফুলে যাওয়া বা চোখে ব্যথা করা, চোখের পাপড়ি ঝরে পড়া, ঝাপসা দেখা এবং এক সময় দৃষ্টি হারানোর মতো উপসর্গ দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে নাকের পাশপাশে চামড়ায় কালচে দাগ দেখা দিতে পারে।

বাংলাদেশে গত জুন মাসে খুলনার এক ব্যক্তির কালো ছত্রাক সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সেরে উঠেছেন।