২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালাকনামা পেয়ে স্ত্রীকে ‘খুন করা’ স্বামীরও মৃত্যু

চট্টগ্রামে তালাকনামা পেয়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে ‘ছুরি মেরে হত্যার পর আত্মহত্যার চেষ্টা’ করা সেই স্বামীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 10:41 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন,  ওমর শরীফ নামের ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয়।

“আগের দিন মারা যান তার ছুরিকাঘাতে আহত স্ত্রী পিয়ারু বেগম। ওমর শরীফ বিষপান করে আর নিজের শরীরে ছুরিকাঘাত করে নিজেও মুমূর্ষু অবস্থায় ছিলেন।”

পুলিশ বলছে, স্ত্রীর কাছ থেকে তালাকনামা পেয়ে রোববার সকালে সীতাকুণ্ড সদর উপজেলায় শ্বশুড়বাড়িতে গিয়ে স্ত্রী পিয়ারু বেগমের ‘পেটে ছুরি মেরে’ পালিয়ে যান ওমর শরীফ। পরে চট্টগ্রাম নগরীতে ফিরে নিজেও ‘আত্মহত্যার চেষ্টা’ করেন।

পরিদর্শক সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্দ্বীপ উপজেলার ওমর শরীফের সাথে বছর সাতেক আগে পিয়ারু বেগমের বিয়ে হয়। দুটি মেয়ে আছে তাদের সংসারে।

“পরিবারের সদস্যরা বলেছেন, বিয়ের পর থেকে ভরণপোষণ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। এক পর্যায়ে পিয়ারু সীতাকুণ্ডে বাবার বাড়িতে চলে যান এবং গত ১৩ জুন ওমর শরীফকে তালাকনামা পাঠান।”

পুরনো খবর:

তালাক: ছুরিকাঘাতে স্ত্রীকে ‘হত্যার পর আত্মহত্যার চেষ্টা’