তালাক: ছুরিকাঘাতে স্ত্রীকে ‘হত্যার পর আত্মহত্যার চেষ্টা’
চট্টগ্রামে ‘তালাকনামা পেয়ে ক্ষুব্ধ’ হয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পিয়ারু বেগম (৩৫) নামে এ নারী সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ওমর শরীফের সাথে বছর সাতেক আগে পিয়ারু বেগমের বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তান আছে।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিয়ের পর থেকে ভরণপোষণ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এক পর্যায়ে পিয়ারু সীতাকুণ্ডে বাবার বাড়িতে চলে আসে এবং গত ১৩ জুন ওমর শরীফকে তালাকনামা পাঠায়।
“তালাকনামা পেয়ে ক্ষুব্দ ওমর শরীফ রোববার সকালে পিয়ারুর বাবার বাড়িতে আসে। এসময় দুই জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ওমর শরীফ তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।”
চিকিৎসাধীন অবস্থায় সোমবার পিয়ারু বেগম মারা যান।
এ ঘটনায় পিয়ারু বেগমের ভাই বাদি হয়ে রোববার ওমর শরীফের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন।
পরিদর্শক সুমন বলেন, “পরে ওমর শরীফের বিষপান ও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে আমরা শুনেছি।”
ওমর শরীফও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।
