২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু খুন: সন্দেহভাজন একজন গ্রেপ্তার

চট্টগ্রামে নিজ বাসা থেকে পাঁচ বছর বয়েসী এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 06:28 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

মঙ্গলবার বাহির সিগন্যাল এলাকা থেকে মো. ইমন (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী জানিয়েছেন।  

গ্রেপ্তার ইমন নিহত শিশুটির পরিবারের প্রতিবেশী।

পুলিশ কর্মকর্তা আবু বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার ইমন শিশুটির বাবার বন্ধু। সে বাহির সিগন্যাল এলাকায় একটি মুদি দোকান চালায়। তাদের মধ্যে পারিবারিক যোগাযোগ ছিল।”

ইমনকে গ্রেপ্তারের কারণ দেখিয়ে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “তার আচরণ সন্দেহজনক। সে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

ইমনকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান ওসি। 

রোববার বিকালে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার বেপারি পাড়া দিদারুল আলম কলোনীর একটি বাসা থেকে পাঁচ বছর বয়েসী ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল, বাবা-মার ছাড়াছাড়ির পর শিশুটি পোশাক শ্রমিক মায়ের সঙ্গে ওই বাসায় থাকত।

প্রতিদিনের মতো শিশুটিকে বাসায় রেখে কাজে গিয়েছিলেন মা। দুপুরে বাসায় এসে খাটের নিচে সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

শিশুটিকে খুন করার আগে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলেও পুলিশ জানায়।

পুরনো খবর:

মা ঘরে ফিরে দেখল, খাটের নিচে মেয়ের নিষ্প্রাণ দেহ