মা ঘরে ফিরে দেখল, খাটের নিচে মেয়ের নিষ্প্রাণ দেহ
বন্দর নগরীর চান্দগাঁও এলাকায় নিজ বাসা থেকে পাঁচ বছরের একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার দেহে রক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার বাহির সিগন্যাল বেপারি পাড়া দিদারুল আলম কলোনির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী।
প্রতীকী ছবি
উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং তাকে শ্বাসরোধ করে খুন করা হতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কলোনির একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকত মেয়েটি। তার মা একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
“সকালে মেয়েটির মা কারখানায় কাজে যায়। দুপুরে বাসায় এসে মেয়েকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। পরে খাটের নিচে মেয়েটির নিথর দেহ দেখে প্রতিবেশীদের জানায়।”
আবু বক্কর জানান, ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে পুলিশ সব দিক তদন্ত করে দেখছে।
