সীতাকুণ্ডে পুকুরে ছুরিকাহত ব্যক্তির লাশ, স্ত্রী আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে খুন করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয় বলে পুলিশের ধারণা।
শনিবার বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছেন।
নিহতের নাম জয়নাল আবেদীন (৩০)। বাড়ির কাছের পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তার পেটে এবং নিম্নাঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় নিহত জয়নালের স্ত্রী লিমা আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান সুমন বণিক।
স্থানীয়রা জানিয়েছে, জয়নাল নগরীর হালিশহরে ফল বিক্রি করতেন। তাদের দুটি মেয়ে আছে।
প্রতীকী ছবি
জয়নালের ঘরের ভেতর রক্তের দাগ পাওয়া গেছে জানিয়ে সুমন বলেন, লাশ উদ্ধারের পর লিমাকে ওই এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
“লিমা ও তার বন্ধু মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।”
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক সুমন।
