‘ভাস্কর্যে হামলাকারীরা একাত্তরের পরাজিত অপশক্তির উত্থান চাইছে’
একাত্তরের পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্রান্তকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সোমবার বিকালে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।
মাহতাব বলেন, “জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যেখানে উন্নয়ন, সেখানেই আঘাত হানছে স্বাধীনতাবিরোধী অপশক্তি। মুজিব শতবর্ষে ভাস্কর্যে হামলাকারীরা একাত্তরের পরাজিত অপশক্তির উত্থান চাইছে। তাদের ঠেকাতে হবে।”
তিনি বলেন, “ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এ পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে যারা অপরাজনীতি করছেন, তাদের বিরুদ্ধে আবার জেগে উঠতে হবে।”
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী পবিত্র ধর্মকে অপব্যবহার করে ফতোয়া জারি করছে, যা মানবতাবিরোধী।
“এরকম পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম ১৯৭১ সালে। সেদিন আমরা বঙ্গবন্ধুর ডাকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। ধর্মের নামে কোন অপশক্তি ৭১’র বিজয়কে অর্থহীন করার চক্রান্ত করলে তা প্রতিহত করা হবে।”
কার্যনির্বাহী কমিটির সভা থেকে নগর আওয়ামী লীগের ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
এর মধ্যে ৯ ডিসেম্বর বিকেলে আন্দরকিল্লা চত্বরে প্রতিবাদ সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হবে।
এছাড়া ধারাবাহিকভাবে নগরীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ ডলফিন, ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, দেবাশীষ গুহ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
