২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নেতাকর্মীদের সংযম থাকতে হবে: হানিফ

দলের নেতাকর্মীদের সংযমী হতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 08:37 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের আওয়ামী লীগের প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, “বিএনপি জামায়াতের মিথ্যাচারের জবাব দিতে হবে। সেই সাথে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংযম থাকতে হবে। তাদের কারণে যেন কোনো অভিযোগ না উঠে। যেন সরকারের কোনো অর্জনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে।

“অন্য দেশের লোকজন বলছে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের দেশের বিএনপির লোকজন তা চোখে দেখছে না। বরং উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে মিথ্যাচার করছে। এবং এই সুযোগটা কিন্তু আমাদের কিছু নেতাকর্মীদের কারণে পাচ্ছে।”

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ও নোয়াখালীর বেগমগঞ্জের ধর্ষণের ঘটনা জনগণকে যে ক্ষুব্ধ করেছে, তা নেতা-কর্মীদের সামনে তুলে ধরেন হানিফ।

তিনি একইসঙ্গে বলেন, “মিথ্যা প্রচারণা চালানো হয়েছে যে সরকারের বিচারহীনতার কারণেই নাকি এসব হচ্ছে। অনেকবার বলেছি, এমসি কলেজের ঘটনা অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক, দুঃখজনক। ঘটনার সাথে সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রায় সকলকেই গ্রেপ্তার হয়েছে।

“সরকার দলীয় বিবেচনায় কখনো কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়ার নজির নেই। যার বিরুদ্ধে যখনই অভিযোগ উঠেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সে সাধারণ কর্মীই হোক, সাংসদ পুত্রই হোক বা মন্ত্রীর পুত্র হোক কাউকে ছাড় দেয়া হয় নাই। তারপরও আমাদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা হচ্ছে।”

হানিফ বলেন, “প্রথম আলো পত্রিকায় রিপোর্ট করেছে এক বছরে দেশে নাকি ছয়শত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেসবে নাকি অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার, সেটা কয়টা? পাঁচটা-সাতটা বা দশটা।

“মিডিয়ায় দেখেছি স্কুলের হেডমাস্টার, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের ঠাকুর এমনকি গির্জার ফাদার থেকে শুরু করে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধেও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। তাহলে কেন সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হবে সরকারী দলের ছত্রছায়ায়… সরকার তো কাউকে প্রশ্রয় দেয়নি।”

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হানিফ বলেন, “চট্টগ্রামে সাগরের পাড় ঘেঁষে রাস্তা হয়েছে। টানেল হচ্ছে। ঢাকায় মেট্রো রেলের কাজ চলছে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হচ্ছে। এগুলো উল্লেখ করার মতো দৃশ্যমান উন্নয়ন।

“এরপরও বিএনপির নেতারা নাকি উন্নয়ন চোখেই দেখে না। চোখ থাকতে যারা অন্ধ তাদের চোখে পড়বে না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন লুটপাট দুর্নীতি ছাড়া কিছুই করেননি।”

তিনি বলেন, “যখন আমরা দায়িত্ব নিই তখন মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার আজকে তা ২১০০ ডলার ছাড়িয়ে গেছে। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলেছে, বাংলাদেশের প্রবৃদ্ধি ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। অনেক ইনডেক্সে আমরা তাদের চেয়ে এগিয়ে।”

দলের চরম দুঃসময়ে সভানেত্রী শেখ হাসিনার পাশে আখতারুজ্জামান চৌধুরী বাবু ছায়া হয়ে ছিলেন বলে মন্তব্য করেন হানিফ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, দলের প্রকৃত কর্মীদের উচিত লুটেরাদের ঠেকানো। যারা সুদিনে দলে ভিড়েছে তারা কেউ দুর্দিনে থাকবে না। তাদের জন্য আমাদের দুর্নাম হচ্ছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “এক এগারোর সময় বাবা যখন বন্দি, তখন বাবু চাচা আমাদের সাহস যুগিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা নেত্রীকে বন্দি করেছে, তারা সফল হবে না। আমাদের নেত্রীর নেতৃত্বেই পরবর্তী সরকার গঠিত হবে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এই সভায় আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমাস, উত্তর জেলার সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বক্তব্য রাখেন।