২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক অপহরণ: সিএমপি কমিশনারকে সিইউজের স্মারকলিপি

চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 04:05 PM

Updated : 08 Apr 2022, 01:34 AM

মঙ্গলবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে স্মারকলিপি তুলে দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতারা।

এসময় সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, রাস্তার পাশ থেকে উদ্ধারের পর সাংবাদিক গোলাম সরোয়ারের কাছ থেকে যে বক্তব্য পাওয়া গেছে তা পেশাদার সাংবাদিকদের জন্য আতঙ্কের। কিন্তু অপহরণ ঘটনার সাত দিন পরও অপরাধী শনাক্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

গত বুধবার রাতে নগরীর বাসা থেকে চন্দনাইশের বাড়িতে যাওয়ার পথে অপহরণ করা হয় সাংবাদিক গোলাম সরোয়ারকে, যিনি সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম অফিসে কর্মরত এবং সিটিনিউজবিডি নামে একটি ইন্টারনেট সংবাদপত্রের নির্বাহী সম্পাদক।

গত বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সরোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সরোয়ার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ প্রকাশের জেরেই তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে।

তবে কোন নিউজের জন্য তাকে ধরে নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

একটি ঘরে আটকে রেখে তাকে শরীরে কাপড় জাতীয় কিছু একটা মুড়িয়ে কাঠের তক্তা ও বেল্ট দিয়ে মারধর করা হয়েছিল বলে জানান সরোয়ার।

আর যারা তাকে নির্যাতন করেছে তারা প্রশিক্ষিত বলেও ধারণা এ সাংবাদিকের।

সরওয়ারকে উদ্ধারের সময়কার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছে, যাতে “প্লিজ আমাকে মারবেন না, আমি আর নিউজ করব না” বলে আকুতি জানাচ্ছিলেন তিনি।

সাংবাদিক গোলাম সরোয়ার অপহরণের কারণে সাংবাদিকরা উৎকণ্ঠার মধ্যে আছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানানো হয়।

সিএমপি কমিশনার বলেন, গোলাম সরোয়ার অপহরণের পর থেকে পুলিশ বেশকিছু আলামত সংগ্রহ করেছে। যেগুলো যাচাই-বাছাই চলছে।

সিইউজে’র সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মহরম হোসাইন, সিইউজে প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, আজকের সূর্যোদয়ের ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

‘আর নিউজ করবি’