২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পীদের আর্থ-সামাজিক নিরাপত্তা সময়ের দাবি: রেজাউল

শিল্পীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 09:13 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

শনিবার দুপুরে নগরীর বহদ্দারহাটে নিজ বাড়ির প্রাঙ্গনে সংস্কৃতি অঙ্গনের অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের প্রণোদনা ও সহায়তা প্রদানের উদ্যোগ সম্পর্কিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন লড়াই সংগ্রামে সাংস্কৃতিক ফ্রন্ট রাজনৈতিক নেতৃত্বের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করে ইতিহাসের অংশ হয়ে আছে।

“তাদের সৃজনকর্ম ও সংস্কৃতি চর্চা সমাজ প্রগতির ইতিবাচক ধারাকে প্রবাহমান ও উজ্জীবিত রাখলেও অধিকাংশ ক্ষেত্রেই এদের জীবন জীবিকার স্বাচ্ছন্দ্য এবং আর্থ-সামাজিক অবস্থানের ভিত্তি খুবই দুর্বল।”

তিনি বলেন, “করোনাকালে বৈশ্বিক অবনতিশীল পরিস্থিতিতে বাংলাদেশে দারিদ্র্য ও বেকারত্ব বাড়ায় সমাজের একটি অংশের জীবনমান নিম্ন ও প্রান্তিক স্তরে নেমে গেছে। সবচেয়ে বিপন্ন অবস্থায় কালাতিপাত করছেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, কলাকুশলী, কর্মী ও সংগঠকরা।

“কারণ লকডডাউন জনিত অবস্থায় তাদের আয়ের পথ একেবারেই বন্ধ। উনাদের পেশাগত কাঠামোটির স্থায়ী কোনো ভিত্তি ও নির্ভরতা নেই। অবস্থাটি দিন এনে দিন খাওয়ার মতো। আমি তাদের বর্তমান অবস্থা ও অসহায়ত্ব বুঝি। একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিক হিসেবে মনে করি, তাদের প্রতি সমাজের দায়বদ্ধতার তাগিদ আজ সময়ের দাবি।”

সাংস্কৃতিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব সাহাবউদ্দিন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সন্দীপনা সাংস্কৃতিক ফোরামের পরিচালক ভাস্কর ডি কে দাশ মামুন, চট্টগ্রাম কবিয়াল সমিতির সভাপতি মো. আবু ইউসুফ, সঙ্গীতশিল্পীদের পক্ষে বক্তব্য রাখেন নিশা চক্রবর্তী ও রূপম মুৎসুদ্দী টিটু, নৃত্যশিল্পীদের পক্ষে বক্তব্য রাখেন তরুণ চক্রবর্তী এবং জয় বাংলা সাংস্কৃতিক জোটের পক্ষে বক্তব্য রাখেন সাইফুল হাসান খান, চট্টগ্রাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সংগঠক এ কে এম হানিফুল ইসলাম চৌধুরী, রতন চক্রবর্তী, সমীরন পাল, দীলিপ সেনগুপ্ত, বাবুল দাশ, ছবির আহম্মদ, এস কে সজল প্রমুখ।