২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধ শ্মশান: সংস্কারের আশ্বাস সুজনের

চট্টগ্রামের বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশান পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা সঙ্কট নিরসনে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 04:28 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

শনিবার নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত শ্মশানটি পরিদর্শনে যান সুজন।

এসময় সুজন বলেন, “পুরো চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান শ্মশান। এখানে এখন যে অবস্থাটি আছে তা দুঃখজনক, এভাবে থাকা উচিত না।

“অতীতে কি হয়েছে জানি না। আজ সিটি করপোরেশনের কাউন্সিলররা প্রকৌশলী এখানে এসেছেন। সব কিছু সরেজমিন তদন্ত করে ইমিডিয়েট কিছু কাজ করা, যাতে মানুষের রানিং সমস্যাটা মেটে।”

চাক্তাই খালের পানি এসে এই জলাবদ্ধতা হয় বলে খালে স্লুইস গেট নির্মাণ করে তা সমাধানের পথ দেখান তিনি।

এসময় স্থানীয়রা প্রশাসকে জানান, অনেক বছর ধরে জোয়ারে হাঁটু সমান পানিতে মরদেহ দাহ করতে হচ্ছে তাদের। বৃষ্টির সময় পানি আরও বেড়ে যাওয়ায় দাহ করার জন্য আনা মরদেহ রাখার জায়গা থাকে না। অনেক সময় জোয়ার-ভাটা দেখে মরদেহ সৎকারের সময় নির্ধারণ করতে হয়।

শ্মশানের জলাবদ্ধতার সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসকের প্রতি আহ্বান জানান স্থানীয়রা। 

সুজন বলেন, “মাটি ভরাট করে মহাশ্মশান উঁচু করা হলে জোয়ারের পানি আর এই স্থানে প্রবেশ করতে পারবে না। জলাবদ্ধতা না থাকলে ধর্মীয় নিয়মনীতি অনুসরণ করে নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। এজন্য ত্বরিত পদক্ষেপ নিব।

“গতকাল আমাদের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই মহাশ্মশানের জন্য অনুদান পাঠিয়েছেন। আগামীতে মহাশ্মশানের সার্বিক উন্নয়নেও তিনি পাশে থাকবেন বলে জানিয়েছেন। আমাদের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী থাকলে হয়ত এতদিনে এই দুদর্শা থাকতো না। তিনি অনেক আগেই এই মহাশ্মশানের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতেন।”

সুজন বলেন, “যে অনুদান পাওয়া গেছে তাতে সাময়িক কষ্ট লাঘব হলেও এর জন্য চাই পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ। যেহেতু মহাশ্মশানটি সিটি করপোরেশনের পরিচালনাধীন। তাই একটি সুন্দর পরিকল্পিত মহাশ্মশান করার জন্য আমরা কার্যকর পদক্ষেপ নেব। যা যা করা প্রয়োজন তাই করবো।”

প্রশাসক বলেন, এমনভাবে মহাশ্মশানটি সংস্কার করতে হবে যাতে পাশের এলাকা ক্ষতিগ্রস্ত না হয়। মহাশ্মশান উঁচুকরণ ও সংস্কারের জন্য প্রতি বছর নানা উদ্যোগ হাতে নেওয়া হতো। কিন্তু বাস্তবায়ন কিছুই হয় না।

“মহাশ্মশানের পেছনে বয়ে যাওয়া চাক্তাই খালে স্লুইসগেট স্থাপন করলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ করা যাবে। এতে করে জোয়ারের সময় স্লুইসগেট বন্ধ করা হলে দুর্ভোগ সমস্যা নিরসন হয়। এখন আর সময় নষ্ট করার সময় নাই। খুব শীঘ্রই মহাশ্মশানটির উন্নয়নের জন্য কাজ শুরু করব।”

এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক বিজয় কিষান চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পেয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, কাউন্সিলর প্রার্থী রুমকী সেন গুপ্ত, রফিকুল আলম বাপ্পী, সিসিসি পূজা কমিটির রতন চৌধুরী উপস্থিত ছিলেন।

 

শ্মশানটি জলাবদ্ধতার দুর্বিপাক থেকে মুক্ত করতে শুক্রবার চার লাখ টাকা অনুদান দিয়েছেন স্থানীয় সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) অধীনে পরিচালিত শ্মশানটিতে গত এক দশকেও এই সংকট নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

হাঁটু পানিতে দাঁড়িয়ে মৃতের সৎকার এবং পুরো শ্মশান ময়লা-আবর্জনাময় পানিতে ডুবে থাকার ছবি বুধবার বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়।

নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডের বলুয়ারদিঘী এলাকায় এ শ্মশানটির পেছনে বড় একটি নালা আছে, যা চাক্তাই খালের সাথে যুক্ত।

সারা বছরই ওই নালা থাকে ময়লা-আবর্জনায় পূর্ণ। পূর্ণিমা-অমাবস্যায় জোয়ারের পানি বাড়লে তা চাক্তাই খাল ও নালা পেরিয়ে শ্মশানে ঢুকে পড়ে।

এতে পুরো শ্মশান প্রাঙ্গণ, সেখানে থাকা কয়েকটি মন্দির, কাঠের চুল্লি ও গ্যাসের চুল্লিসহ সবই পানির নিচে তলিয়ে যায়।

আগে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠিয়েও অনুমোদন না পাওয়ায় এবং সাবেক দুই মেয়র মনজুর আলম ও আ জ ম নাছির উদ্দীনের মেয়াদে থোক বরাদ্দের আশ্বাস দিলেও অর্থ বরাদ্দ না হওয়ায় সংস্কার কাজ করা সম্ভব হয়নি বলে দাবি মহাশ্মশান পরিচালনা পরিষদের।

পুরনো খবর:

জলাবদ্ধ শ্মশানে শেষকৃত্য: দুর্ভোগ লাঘবের উদ্যোগ নওফেলের