২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধ শ্মশানে শেষকৃত্য: দুর্ভোগ লাঘবের উদ্যোগ নওফেলের

চট্টগ্রামের বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশানের দীর্ঘদিনের জলাবদ্ধতার সঙ্কট নিরসনে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2020, 04:25 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

বন্দরনগরীতে সনতান ধর্মাবলম্বীদের প্রধান এই শ্মশানকে জলাবদ্ধতার দুর্বিপাক থেকে মুক্ত করতে শুক্রবার চার লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

জোয়ারের সময় পানি উঠে গেলেই বলুয়ারদীঘি মহাশ্মশানের ভেতর জলাবদ্ধতার সৃষ্টি হয়, তখন সেখানে হাঁটু পানিতে দাঁড়িয়ে করতে হয় মৃতের শেষকৃত্যের কাজ।

এ শ্মশানটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) অধীনে পরিচালিত হলেও সঙ্কট নিরসনে গত এক দশকেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

শ্মশানটির পরিচালনা পরিষদ বলছে, সাংসদের কাছ থেকে টাকা পাওয়ায় এখন সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে মাটি ভরাটসহ প্রয়োজনীয় কাজ শুরু করা হবে।

হাঁটু পানিতে দাঁড়িয়ে মৃতের সৎকার এবং পুরো শ্মশান ময়লা-আবর্জনাময় পানিতে ডুবে থাকার ছবি বুধবার বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়।

নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডের বলুয়ারদিঘী এলাকায় এ শ্মশানটির পেছনে বড় একটি নালা আছে, যা চাক্তাই খালের সাথে যুক্ত।

সারা বছরই ওই নালা থাকে ময়লা-আবর্জনায় পূর্ণ। পূর্ণিমা-অমাবস্যায় জোয়ারের পানি বাড়লে তা চাক্তাই খাল ও নালা পেরিয়ে শ্মশানে ঢুকে পড়ে।

এতে পুরো শ্মশান প্রাঙ্গণ, সেখানে থাকা কয়েকটি মন্দির, কাঠের চুল্লি ও গ্যাসের চুল্লিসহ সবই পানির নিচে তলিয়ে যায়।

এমন পরিস্থিতিতে শ্মশানযাত্রীরা কখনো পানি নামার অপেক্ষায় থাকেন, কখনো আবার পানিতে দাঁড়িয়েই প্রিয়জনের শেষ কাজটি সারেন।

বুধবার বলুয়ারদীঘি মহাশ্মশানে পানি জমে থাকায় নগরীর আসকার দিঘীর পাড় এলাকার এক বাসিন্দা তার মৃত স্বজনকে নিয়ে নগরীর উত্তর কাট্টলী এলাকার সনৎ দত্ত মহাশ্মশানে যান দাহ করতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সেখানে দাহ করতে মোট ১৭ হাজার টাকা খরচ হয়েছে। বলুয়ারদীঘি মহাশ্মশানে জলাবদ্ধতা না থাকলে এত দূরে গিয়ে দাহ করতে হত না। নিম্নবিত্তদের পক্ষে এত টাকা খরচ করা কঠিন। বলুয়ারদীঘি মহাশ্মশান সংস্কার করে এই সমস্যা নিরসন করা দরকার।”

নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নালা ও খাল ভরাট থাকায় জোয়ারের সময় এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

“এর আগে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠিয়েও অনুমোদন মেলেনি। সাবেক মেয়র এম মনজুর আলম ও আ জ ম নাছির উদ্দীন কিছু থোক বরাদ্দ দিলেও সে টাকা পরে পাইনি। অল্প কিছু সরকারি অনুদান পেয়েছিলাম, সেটা দিয়ে যেটুকু সম্ভব চেষ্টা করেছি।”

জহর লাল হাজারী বলেন, “আজ এই আসনের সাংসদ টাকা পাঠিয়েছেন। এখন সিটি করপোরেশনের প্রশাসকের সাথে সমন্বয় করে মাটি ভরাট ও চুলা উঁচু করার কাজ শুরু করব।

“শিক্ষা উপমন্ত্রী বলেছেন, ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন। শ্মশান সংলগ্ন নালা ও চাক্তাই খালের অংশ পরিষ্কার করা হলে সবচেয়ে ভালো হয়। সিডিএ এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নালা-খাল যত দ্রুত আবর্জনা মুক্ত করা হবে, তত দ্রুত সুফল মিলবে।”

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সাংসদ মহিবুল হাসান চৌধুরীর পক্ষে শুক্রবার সকালে ওই চার লাখ টাকা শ্মশান পরিচালনা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।

এর মধ্যে তিন লাখ টাকা সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে এবং এক লাখ টাকা সরকরি তহবিল থেকে দেওয়া হয়।  

নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করি মাটি ভরাট করে উঁচু করা হলে জোয়ারের পানি আর শ্মশানে প্রবেশ করতে পারবে না। জলাবদ্ধতা না থাকলে ধর্মীয় রীতি মেনে নিরাপদে ও সুষ্ঠুভাবে সৎকার কাজ সম্ভব হবে।

“আগামীতেও বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশানের সার্বিক উন্নয়নে পাশে থাকব।”

এরআগেও শ্মশানটির আলোকায়নের জন্য এলইডি লাইট ও করোনাভাইরাস মহামারীর সময়ে সৎকারকারীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছিলেন সাংসদ নওফেল।