করোনাভাইরাস: চট্টগ্রামে শনাক্ত আরও ৯৯ জন
চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার রাত পর্যন্ত চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৫৭৮টি নমুনা পরীক্ষা করে ৯৯ জনের শরীরে করোনভাইরাসের উপস্থিতি শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় শনাক্ত রোগীর সংখ্যা হল চার হাজার ১৭২ জন।
সোমবার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা হয় ২৩২টি। এর মধ্যে পজিটিভ ফল ৩৬টি । নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৭ এবং বিভিন্ন উপজেলার ১৯ জন।
চট্টগ্রাম মেডিকেলে ১২৫টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে; সবাই নগরীর।
এছাড়া সিভাসু’র ল্যাবে ১৯৬ নমুনা পরীক্ষায় ৩৩ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে ৩১ জন নগরীর এবং দুইজন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে এদিন ২৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে, যাদের সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
