২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টায় কারসাজি: পাইকারের রসিদে ১৫০০ টাকা, বিক্রি ২৪০০

দফায় দফায় অভিযান, মুচলেকা, জরিমানা কোনো কিছুতেই পাইকারিতে কমেনি মাল্টার দাম। অভিযানের পর ক্রয় রসিদে দাম কমলেও বাস্তবে বিক্রি চলছে আগের দরেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 09:20 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

পুরনো খবর:

মাল্টার দাম বেশি রাখায় ৫ আড়তদারকে লক্ষাধিক টাকা জরিমানা
মাল্টার দাম তিন সপ্তাহে দ্বিগুণ, দুই ব্যবসায়ীর জরিমানা

মঙ্গলবার চতুর্থ দফায় চট্টগ্রামের ফলমণ্ডিতে অভিযানে গিয়ে এমনই প্রমাণ পেল ভ্রাম্যমান আদালত।

গত সপ্তাহে দুই দফা অভিযানের পর আড়ত থেকে সরিয়ে মাল্টা নিয়ে যাওয়া হয় কোল্ড স্টোরেজে। সেখান থেকে খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রতি ক্রেট মাল্টার দাম ২৪০০ টাকা নেয়া হলেও তাদেরকে ধরিয়ে দেয়া হচ্ছিল ১৫০০ টাকার রসিদ।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর রিয়াজ উদ্দিন বাজারে যান।

সেখানে খুচরা বিক্রেতা খোকন মিয়া জানান, ফলমণ্ডির আড়তদাররা ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর কোল্ড স্টোরেজে মাল্টা নিয়ে গেছেন। প্রতিদিন ভোরে সেখান থেকে এনে বিক্রি করা হয়।

ফলমণ্ডির আল-আমিন ট্রেডার্স থেকে মঙ্গলবার সকালে প্রতি ক্রেট (১৫ কেজি) মাল্টা ২৪০০ টাকা দরে কিনলেও খোকন মিয়াকে ১৫০০ টাকার রসিদ দেয়া হয়। এমনকি রসিদ ছাড়াও খুচরা বিক্রেতাদের মাল্টা দেয়া হচ্ছে বলে জানান খোকন।

এই অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও গালিব চৌধুরী সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে ফলমণ্ডিতে অভিযানে যান।

অভিযান দল আল-আমিন ট্রেডার্সে গেলে ওই আড়তের ম্যানেজার সুমন জানান তারা কোল্ড স্টোরেজে মাল্টা রেখেছেন। এসময় আড়তের মালিক আলী হোসেন গা-ঢাকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে গিয়ে দেখি অধিকাংশ আড়ত মাল্টাবিহীন। কোল্ড স্টোরেজে মাল্টা সরিয়ে অন্য ফল আড়তে রেখে বিক্রি করা হচ্ছে। অভিযানের পর রসিদে প্রতি ক্রেট ১৫০০ টাকা উল্লেখ করলেও আসলে মাল্টা বিক্রি হচ্ছে আগের মত ২৪০০ টাকায়।

“এই চক্রে চট্টগ্রাম ও ঢাকার আমদানিকারক, কমিশন এজেস্ট, ব্রোকার, কোল্ড স্টোরেজের মালিক, আড়তদার, পাইকার এমনকি কোনো কোনো খুচরা ব্যবসায়ীও যুক্ত।”

এসময় আল-আমিন ট্রেডার্স এর ম্যানেজার সুমনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর অভিযান দল যায় ফলমণ্ডিতে থাকা আমদানিকারক প্রতিষ্ঠানের খোঁজে। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চিটাগাং ফল বাণিজ্য (প্রাঃ) লি., জিএস ট্রেডিং, মেসার্স নুবাইদ ও ইব্রাহিম এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানের লোকজন চম্পট দেন।

মেসার্স এনএস ফ্রুটস ইন্টারন্যাশনাল এর অফিস খোলা পাওয়া গেলেও সেখানে এক দোকান কর্মচারী ছিলেন শুধু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করলেও সেখানে কোনো মাল্টা বা ফল আমদানির কাগজপত্র নেই। সেটা অফিস কাম বাসা। সেখানে টিভি, ফ্রিজ, রিফ্রেজেরেটর, এসি, আলমারি ও খাট আছে।

“কয়েকজন আমদানিকারক সম্প্রতি সার্টারে প্রতিষ্ঠানের নাম লেখা অংশ কেটে ফেলেছেন বলেও প্রমাণ মিলেছে।”

আগে মুচলেকা দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা চেয়ে সাক্ষ্যমূলক মুচলেকা দেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর।

যেসব ফল ব্যবসায়ী এভাবে দাম বৃদ্ধির কারসাজিতে যুক্ত তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

কয়েক দফায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত জানতে পেরেছে, মাল্টার গড় আমদানি খরচ কেজি প্রতি ৬৫-৭০ টাকা। সে হিসেবে পাইকারিতে দাম হওয়ার কথা কেজি প্রতি ৮০-৮৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৯০-৯৫ টাকা।

মার্চের শেষ দিকে ওই দামেই মাল্টা বিক্রি হলেও করোনাভাইরাসে ভিটামিন সি’র কার্যকারিতা এবং রমজানকে সামনে রেখে তিন সপ্তাহের ব্যবধানে মাল্টার দাম বাড়িয়ে পাইকারিতে কেজি প্রতি ১৬০ টাকা করা হয়।

২৮ ও ২৯ এপ্রিল টানা দুই দিন ফলমণ্ডিতে অভিযান চালিয়ে ন্যায্যমূল্যে মাল্টা বিক্রির অঙ্গীকার আদায় করে ভ্রাম্যমাণ আদালত। দুই দিনে মোট ৮ জন আড়তদারকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান দলের উপস্থিতিতে কম দামেই মাল্টা বিক্রি করেন আড়তদাররা।

এরপর ৩ মে আবার ফলমণ্ডিতে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। সেদিন বিক্রি চালান ও খুচরা ক্রেতাদের ক্রয় রসিদে কেজি প্রতি মাল্টার দাম ১০০ টাকা দেখতে পায় অভিযান দল।

সবশেষ মঙ্গলবার আবারো নগরীর খুচরা বিক্রেতাদের কাছ থেকে অভিযোগ পেয়ে ফলমণ্ডীদতে অভিযান চালানো হল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “এরপর আমরা মামলা করব। কোল্ড স্টোরেজগুলোর বিষয়ে বিভিন্ন সংস্থা খবর রাখছে। সেখানেও অভিযান হবে।”

চট্টগ্রামের বিআরটিসি এলাকার ফলমণ্ডি থেকে নগরীর সব বাজারের পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চাঁদপুর ও তিন পার্বত্য জেলায় আমদানি করা ফল যায়।