২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টার দাম বেশি রাখায় ৫ আড়তদারকে লক্ষাধিক টাকা জরিমানা

একদিন আগে ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রতিশ্রুতি দিয়ে পরদিন আবার বাড়তি দামে মাল্টা বিক্রি করায় চট্টগ্রাম নগরীর ফলমণ্ডির পাঁচ আড়তদারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 11:16 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

পুরনো খবর:

মাল্টার দাম তিন সপ্তাহে দ্বিগুণ, দুই ব্যবসায়ীর জরিমানা

বুধবার দুপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ বাজার মনিটরিং দল নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযানে গেলে সেখানকার খুচরা ফল ব্যবসায়ীরা অভিযোগ করেন, ফলমণ্ডির ব্যবসায়ীরা সকালেও চড়া দামে মাল্টা বিক্রি করেছে।

খুচরা ফল ব্যবসায়ীদের অভিযোগ ছিল, ফলমণ্ডি থেকে সকালে ১৫ কেজির প্রতি ক্যারেট মাল্টা পাইকারিতে ২৩৫০ থেকে ২৪৫০ টাকায় কিনে আনতে হয়।

এর আগে মঙ্গলবার এই দরেই মাল্টা বিক্রি করায় ফলমণ্ডির দুই আড়তদারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। ন্যায্য দামে মাল্টা বিক্রির অঙ্গীকারও করেন ফলমণ্ডির আড়তদাররা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াজউদ্দিন বাজারের খুচরা ফল বিক্রেতারা জানান ফলমণ্ডি থেকে প্রতি কেজি মাল্টা কিনতে হয়েছে ১৬০ টাকা কেজি দরে। অথচ আগের দিন ফলমণ্ডির ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে মাল্টা বিক্রি করবেন বলে অঙ্গীকার করেন।

“এরপর রিয়াজউদ্দিন বাজারের কয়েকজন খুচরা ফল বিক্রেতাকে নিয়ে ফলমণ্ডিতে যাই। সেখানে যাচাই করে অভিযোগের সত্যতা পাই।”

এসময় চড়া দামে মাল্টা বিক্রি করায় মনির এন্টারপ্রাইজ, আজম ট্রেডার্স ও এনএম এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা করে এবং জুলেখা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জে কে ফ্রুটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আড়তদারদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত, ঢাকার পাঁচজনসহ এমন মোট নয়জন আমদানিকারকের তথ্য পান যারা রমজানের চাহিদাকে পুঁজি করে মাল্টার দাম সিন্ডিকেট করে তিন সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ করেছে।

বুধবার ফলমণ্ডির আড়তদাররা ভ্রাম্যমাণ আদালতকে লিখিত মুচলেকা দেন, তারা ন্যায্যমূল্যে মাল্টা বিক্রি করবেন।

পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে প্রতি ক্যারেট মাল্টা ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রিও করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, আড়তদাররা যাতে মুচলেকা অনুসরণ করেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার অভিযানের শুরুতে যৌথ বাজার মনিটরিং দল পুরাতন রেল স্টেশন চত্বরে নতুন করে সরিয়ে আনা রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ীদের নিয়ে চালু করা কাঁচা বাজারটিতে যান।

এ সময় সেখানে সামাজিক দূরত্ব মেনে চলতে এবং শাক-সবজির দাম সহনীয় রাখতে ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

রিয়াজউদ্দিন বাজারের দুটি বড় সবজির আড়তে মূল্য তালিকা না থাকায় ১১ হাজার টাকা জরিমানা করে যৌথ অভিযান দল। 

অভিযানে সেনাবাহিনীর দলটির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন কাফিউন নাহার। পুলিশের একটি দলও অভিযানে সহযোগিতা করে।