২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টার দাম তিন সপ্তাহে দ্বিগুণ, দুই ব্যবসায়ীর জরিমানা

তিন সপ্তাহের ব্যবধানে মাল্টার দাম দ্বিগুণ বাড়িয়ে বিক্রি করায় চট্টগ্রামে ফলমণ্ডির দুই আড়ৎকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 09:19 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাল্টার অস্বাভাবিক দাম বাড়ানোর প্রমাণ মেলে।

নগরীর বিভিন্ন কাঁচাবাজারের বিক্রেতারা এই ফলমণ্ডি থেকে পাইকারিতে ফল নিয়ে খুচরায় বিক্রি করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীর খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে ফলমণ্ডিতে অভিযান চালানো হয়।

“অভিযানে দেখা যায়, অধিকাংশ আড়ৎদারের কাছে ফল আমদানির তথ্য, কার কাছ থেকে কোন দামে কিনেছে এসব তথ্য সংরক্ষণ করা নেই।”

অভিযানের সময় ফলমণ্ডীর আড়ৎদাররা জানান, মূলত ঢাকা কেন্দ্রিক আমদানিকারকরা চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর ফলের চালান তাদের কাছে পাঠিয়ে দেয়। টেলিফোনেই আমদানিকারকরা দাম নির্ধারণ করে দেয়।

এভাবেই গত তিন সপ্তাহে আমদানিকারকরা টেলিফোনে ধাপে ধাপে ফলের দাম বাড়িয়েছেন বলে দাবি তাদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে ১৫ কেজি ওজনের প্রতিটি মাল্টার ক্যারেট বিক্রি হয় ১২০০ টাকায় (প্রতি কেজি ৮০ টাকা দরে)। এরপর ধাপে ধাপে বাড়িয়ে রমজান শুরুর আগেরদিন প্রতি ক্যারেট মাল্টা বিক্রি করে ২০০০ টাকায়।

“এরপর প্রতিদিন ক্যারেট প্রতি একশ টাকা করে দাম বাড়ানো হচ্ছিল।”

এভাবে বাড়তে বাড়তে মঙ্গলবার প্রতি কেজি মাল্টা পাইকারিতে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভিটামিন ‘সি’র কার্যকারিতা সম্পর্কে প্রচারণা এবং রমজানে শরবত খাওয়া হয় এই অজুহাতে মাল্টার দাম বাড়ানো হয় বলে জানান তৌহিদুল ইসলাম। 

অভিযানে ফলমণ্ডির মেসার্স মক্কা ফল বিতান এবং মেসার্স গরীবে নেওয়াজ ফার্ম নামের দুটি আড়তের এক মাসের বিক্রির তথ্য যাচাই করে মাল্টার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ফলমণ্ডির আড়তদার সমিতির নেতারা ভ্রাম্যমাণ আদালতকে প্রতিশ্রুতি দেন বিদেশ থেকে ফল আমদানির মূল্য সংক্রান্ত প্রকৃত তথ্য, ক্রয়-বিক্রয়ের রশিদ এবং কাগজপত্র সংরক্ষণ করবেন।

যৌক্তিক এবং নায্য দামে ফল বিক্রি করবেন বলেও অঙ্গীকার করেন তারা।

অভিযানের শুরুতে দেখা যায়, পুরো বাজারের কোনো দোকানেই মূল্য তালিকা নেই। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে মূল্য তালিকা টাঙানো হয়।

অভিযানের শেষ দিকেও মূল্য তালিকা না টাঙানোয় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সেনাবাহিনীর একটি দল ও মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।