২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে কন্টেইনার ভাড়া মওকুফ ১৬ মে পর্যন্ত  

করোনাভাইরাস সঙ্কটের কারণে সৃষ্ট জট কমাতে আমদানি করা কন্টেইনার ভাড়া মওকুফে দ্বিতীয় দফা সময় বাড়াল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 08:07 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার বন্দর পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বন্দরে আসা কন্টেইনারের ভাড়া শতভাগ ছাড় আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হল।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভাড়া মওকুফের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ প্রথম দফায় সকল প্রকার কন্টেইনারের ভাড়া ৪ মে পর্যন্ত মওকুফের ঘোষণা দিয়েছিল।

আমদানিকারক ও তৈরি পোশাক শিল্প মালিকদের পুনরায় দাবি জানায় কন্টেইনারের ভাড়া মওকুফের সময়সীমা বাড়ানোর। সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর বন্দরের কন্টেইনার ভাড়া ছাড়ের সময়সীমাও বাড়ানো হল।

বন্দর কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস সঙ্কটে আমদানি-রপ্তানিকারকদের প্রণোদনা দেওয়ার উদ্দেশ্যে বন্দরে নামা কন্টেইনারগুলো ১৬ মের মধ্যে ডেলিভারি নিলে ভাড়া শতভাগ মওকুফ করা হবে।

চট্টগ্রাম বন্দর সচিব বলেন, “জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে নামা যেসব কন্টেইনার চারদিনের ফ্রি টাইম সরকার ঘোষিত ছুটি ২৬ মার্চ বা তার পরে শেষ হয়েছে, সেসব কন্টেইনার ১৬ মের মধ্যে ডেলিভারি নিলে ভাড়া মওকুফের বিষয়টি প্রযোজ্য হবে।”

এতে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কন্টেইনার ডেলিভারি বাড়বে এবং চলমান কন্টেইনার জট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ৪৭ হাজারের কিছু বেশি কন্টেইনার ছিল, যা ধারণ ক্ষমতার কাছাকাছি।

জাহাজ থেকে নামানোর পর বন্দর চত্বরে প্রথম চারদিন বিনা মাশুলে কন্টেইনার রাখা যায়। এরপর প্রথম সপ্তাহ প্রতিদিন ছয় ডলার করে, দ্বিতীয় সপ্তাহ প্রতিদিন ১২ ডলার করে এবং তৃতীয় সপ্তাহে প্রতিদিন ২৪ ডলার করে প্রতি কন্টেইনারের জন্য মাশুল দিতে হয়।

জট কমাতে বন্দরে জমে থাকা কন্টেইনার অফডকে নেওয়াসহ নানা উদ্যোগ নেওয়া হলেও তাতে এখনো কাঙ্ক্ষিত ফল আসেনি।

পণ্য খালাস প্রায় বন্ধ, বন্দর অচলের শঙ্কা

অর্ধেকে নামা কন্টেইনার ডেলিভারিতে গতি আনতে নানা সুপারিশ

জট কমাতে সব ধরনের আমদানি পণ্য যাবে অফডকে

৪ মের মধ্যে বন্দরের কন্টেইনার খালাসে ভাড়া মওকুফ