অর্ধেকে নামা কন্টেইনার ডেলিভারিতে গতি আনতে নানা সুপারিশ
জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে বিভিন্ন সুপারিশ করেছেন সংশ্লিষ্ট সব পক্ষের নেতারা।
মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে বন্দরের কন্টেইনার জট নিরসনের মাধ্যমে পণ্য সরবরাহ পরিস্থিতি উন্নয়নের জন্য আয়োজিত এক সমন্বয় সভায় এসব সুপারিশ করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারির হার কমতে শুরু করে। বর্তমানে দৈনিক কন্টেইনার ডেলিভারি স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। এতে করে বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতার প্রায় কাছাকাছি সংখ্যক কন্টেইনার জমে আছে।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৪৯ হাজার ১৮ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার এক একক)। বন্দরের হিসেবে মঙ্গলবার জমা ছিল ৪৭ হাজার ৪১৩ টিইউএস কন্টেইনার।
শেষ ২৪ ঘণ্টায় ১৮৩৩টি কন্টেইনার ডেলিভারি হয়। ২৫ মার্চ বন্দরে কন্টেইনার ছিল মোট ৩৪ হাজার ১২২টি। সেদিন কন্টেইনার ডেলিভারি হয়েছিল ৪৬১৫টি।
উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হুৎপিণ্ড। বন্দর সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের নিজস্ব ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। বন্দরের কন্টেইনার জট কমাতে হবে।
“কাজে সমন্বয় করার জন্য বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোতে একজন করে ফোকাল পয়েন্ট রাখতে হবে। লেনদেনের সুবিধার্থে ব্যাংক খোলা রাখার সময়সীমা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। রাষ্ট্র ও সরকারের স্বার্থে টিমওয়ার্কের মাধ্যমে বন্দরকে বাঁচিয়ে রাখতে হবে।”
বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ বলেন, “দেশের ৯৫ শতাংশ আমদানি-রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এ বন্দর বন্ধ হলে দেশ ও সরকারের হার্ট বন্ধ হয়ে যাবে। কনটেইনার ডেলিভারি না হওয়ার কারণে জট লেগে আছে।
“আমরা সমস্যা চিহ্নিত করতে পেরেছি। সবার সহযোগিতা পেলে চার দিনের মধ্যে ম্যানেজ করতে পারব। যে কোনো পরিস্থিতি হোক না কেন, দেশের বৃহৎ স্বার্থে বন্দর চালু রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। করোনা পরিস্থিতি দীর্ঘ মেয়াদিও হতে পারে। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ ও বন্দর ব্যবহারকারী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন এগিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”
চট্টগ্রাম কাস্টমস কমিশনার এম. ফখরুল আলম বলেন, রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। বিলাসবহুল বাণিজ্যিক পণ্য আমদানি ছাড়ে কিছুটা বিধি-নিষেধ থাকলেও নিত্যপণ্য, ফল, শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, কৃষি উপকরণ ছাড় হচ্ছে। এখন প্রতিদিন এক হাজারের বেশি ডকুমেন্ট সাবমিট হচ্ছে।
“বন্ডের পণ্য খালাস করে সুবিধামতো জায়গায় রাখতে বড় ঝুঁকি দেখি না। কাস্টম হাউস সার্বক্ষণিক খোলা। ব্যাংক বিকেল ৩-৪ টা পর্যন্ত খোলা রাখলে আমদানিকারকদের সুবিধা হবে। বন্দরের জট কমাতে আমদানিকারককে এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, “আমদানি রপ্তানির জন্য ব্যাংক ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। আমাদের পে অর্ডার নিতে হয়। আমদানি ডেলিভারি বাড়াতে হবে। রেফার কনটেইনার দ্রুত ডেলিভারি নিতে হবে। বন্দরকে গোডাউন হিসেবে ব্যবহার করতে দেওয়া যায় না।”
বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বলেন, “শ্রমিকদের মজুরিসহ স্থির খরচ ঠিক থাকলেও কনটেইনার ডেলিভারি কমে যাওয়ায় জাহাজ থেকে পর্যাপ্ত কনটেইনার তুলতে বা নামাতে পারছি না। যে কোনো মূল্যে বন্দরের ডেলিভারি স্বাভাবিক করতে হবে।”
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক লিয়াকত আলী হাওলাদার বলেন, “সরকারি কর্মকর্তা যদি বন্দরে যাওয়া রিস্কি মনে করেন তাহলে ডেলিভারি কীভাবে হবে? ব্যাংক, শিপিং এজেন্ট বেশি সময় খোলা রাখতে হবে।”
বন্দরের স্টোর রেন্টের মতো শিপিং এজেন্টের ডেমারেজ চার্জ মওকুফ এবং বেসরকারি ইন ল্যান্ড কন্টেইনার ডিপোগুলো (আইসিডি) ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি জানান বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিকডা) এর সচিব রুহুল আমিন সিকদার বলেন, “১৯টি অফডকে ৩৭ ধরনের পণ্য হ্যান্ডল হয়। এখন রপ্তানি ২০ শতাংশে নেমেছে। সরকারের অনুমোদন পেলে আইসিডিতে নতুন পণ্যের ১৫ হাজার কন্টেইনার রাখা যাবে।”
সভায় ডিজিএফআইয়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কবীর আহাম্মদ, চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম ও সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর শফিউল বারী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমদ খান, বিকেএমইএর আঞ্চলিক প্রধান শওকত ওসমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
