২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জট কমাতে সব ধরনের আমদানি পণ্য যাবে অফডকে

চট্টগ্রাম বন্দরের কন্টেইনারজট কমাতে বেসরকারি আইসিডিগুলোতে (অফডক) সব ধরনের আমদানি পণ্যবাহী কন্টেইনার সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 05:53 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাট স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ওই আদেশে বলা হয়, চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিরসনের লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে চট্টগ্রাম বন্দরে আগত সব ধরনের পণ্য চালান সংশ্লিষ্ট কন্টেইনার শর্ত সাপেক্ষে চট্টগ্রামে অবস্থিত ১৯টি অফডকে সংরক্ষণ ও আনস্টাফিং এবং ওই অফডকগুলো হতে খালাস দেওয়ার অনুমতি দেওয়া হয়।

তবে অফডকগুলোতে স্থানান্তরের সময় শতভাগ কন্টেইনার আবশ্যিকভাবে স্ক্যানিং ও স্ক্যানিং রিপোর্ট সংরক্ষণ এবং অফডকে স্থানান্তরিক সব কমার্শিয়াল (বাণিজ্যিক) পণ্যচালান আবশ্যিকভাবে কাস্টমস হাউজ চট্টগ্রাম ও শুল্ক গোয়েন্দা ও অধিদপ্তর অধিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে শতভাগ কায়িক পরীক্ষা করে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিতে আদেশে শর্ত দেওয়া হয়েছে।

আগামী ৩০ জুনের পর জাতীয় রাজস্ব বোর্ডের এ আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এরআগে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৮ ধরনের পণ্যবাহী কন্টেইনার বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) গুলোতে নিয়ে খালাস করা হত।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সঙ্কটে বন্দর থেকে আমদানি পণ্যবাহী কন্টেইনার খালাস কমতে কমতে বন্দর চত্বরে কন্টেইনার ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়। এরপর ১৮ এপ্রিল এনবিআরের এক আদেশে আরও ছয় ধরনের পণ্য অফডকগুলোতে নিয়ে খালাসের অনুমোদন দেওয়া হয়।

এরপরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সব ধরনের পণ্য অফডকে নিয়ে খালাসের এ আদেশ এল।

এদিকে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।

বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর তাদের মতবিনিময় শেষে সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, “বন্দরে যেই কন্টেইনার জট তা এযাবৎকালের মধ্যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জট নিরসনের ওয়ে আউট আমরা খুঁজে পেয়েছি। তারমধ্যে একটি গুরুত্বপূর্ণ অফডকগুলোতে কন্টেইনার যেগুলো আছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের প্রয়োজন আছে।

“জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রথম পর্যায়ে ৩৮টি, পরে ছয়টি এবং আজকে এখানে সভা চলাকালে ঢাকায় কেবিনেট সেক্রেটারি মহোদয়ের সভাপতি আরেকটি সভায় সিদ্ধান্ত হয়েছে সকল পণ্য অফডকের মাধ্যমে আমরা অপসারণ করতে পারব।”

এতে বন্দরের কন্টেইনার জট অনেকাংশে কমবে জানিয়ে মেজবাহ বলেন, “এর মাধ্যমে আশা করছি প্রায় ১৮ হাজার টিইইউসের মতো কন্টেইনার সেখানে সরিয়ে নিতে পারব। বর্তমানের কন্টেইনার জট অনেকখানি সমাধান হবে এর মাধ্যমে। প্রায় ৫০ শতাংশ জট কমে যাবে।”

বাংলাদেশের মোট আমদানি-রপ্তানির ৯২ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়।

জট কমাতে আরো যা করা হবে

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেন, “বিজেএমইএ এবং বিকেএমইএর যে সব কন্টেইনার এখানে ডেলিভারির অপেক্ষায় আছে, সেগুলো যেন এখান থেকে নিয়ে যেতে পারে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ আছে। আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে তাদের রাজি করাতে পারব। যাতে তারা উৎসাহিত হয় এখান থেকে কন্টেইনারগুলো সরিয়ে নিয়ে যায়।

“আশা করছি, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আজকে সন্ধ্যার মধ্যে একটা সার্কুলার জারি করা হবে- যাতে এখানে যেসব ব্যাংকের শাখা আছে সেগুলো বিকাল ৪টা বা ৫টা পর্যন্ত খোলা থাকবে। যাতে যেসব এলসির কাজ চলমান সেগুলো নিয়ে আর কোনো সমস্যা না হয়।”

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দর সচল রাখার ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় শেষে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে।

“কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যাতে কন্টেইনারের যে জটিলতা তা কীভাবে নিরসন করা যায়। ইতিমধ্যে কেবিনেট ডিভিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কথা বলেছি।”

তিনি বলেন, “করোনা সংক্রান্ত যত কিছুই সংকট তৈরি হোক না কেন আমরা ‍দৃঢ় প্রতিজ্ঞ এই চট্টগ্রাম বন্দরকে সচল রাখার জন্যে। চট্টগ্রাম বন্দর এই শ্রমিকরাই বাঁচিয়ে রেখেছে। শ্রমিকরা কাজ করছে বলেই পণ্য উঠানামা হচ্ছে। অপারেটররা তাদের অপারেটিং সিস্টেমটা চালু রেখেছেন।

“বার্থ অপারেটরসহ অন্যান্য যেসব স্টেক হোল্ডার সবার সঙ্গে কথা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই এখানে কাজ করতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আমরা মন্ত্রণালয় থেকে বলেছি তারা এ বিষয়ে সচেষ্ট আছে। তারা শ্রমিকদের ব্যাপারে খুবই আন্তরিক। আন্তরিক আছে বলেই প্রত্যেক শ্রমিক মনোবল নিয়ে কাজ করছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত অবশ্যই আমাদের করতে হবে।”

কাজ করতে গিয়ে কেউ যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে অবশ্যই বন্দর কর্তৃপক্ষ সেটা সুদৃষ্টিতে দেখবে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সব স্টেক হোল্ডারদের সুসমন্বয়ের মাধ্যমে বর্তমান সংকট কেটে যাবে বলে মন্তব্য করেন নৌ পরিবহন সচিব।

এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পণ্য খালাস প্রায় বন্ধ, বন্দর অচলের শঙ্কা
চট্টগ্রাম বন্দরে জট কমাতে এনবিআরের উদ্যোগ