২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৮টি রিকশাসহ দুই ‘চোর’ গ্রেপ্তার

চট্টগ্রামে ১৮টি চোরাই রিকশাসহ ‘চোর চক্রের দুই সদস্যকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 01:43 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, সোমবার পাহাড়তলী পুলিশ বিট সংলগ্ন সৃজনী মাঠের একটি রিকশা গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গ্যারেজ মালিক জয়নাল আবেদীন (৫৫) ও আবুল হোসেন (৫০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি প্রণব চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ পুলিশ সকালে জয়নালের রিকশার গ্যারেজে অভিযান চালায়। সেখানে ১৮টি চোরাই রিকশা এবং বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

“জয়নালের কিছু ভাড়া করা লোক আছে। তারা রিকশা দেখে টার্গেট করে, তারপর যাত্রীবেশে ওঠে এবং সুবিধাজনক স্থানে গিয়ে রিকশাচালককে টাকা দিয়ে কিছু কিনতে দোকানে পাঠায়। এরপর যাত্রীবেশী সেই চোর রিকশা নিয়ে সটকে পড়ে।”

এসব চোরাই রিকশা জয়নালের গ্যারেজে নিয়ে রঙ পাল্টে আবার অন্য মালিকের কাছে বিক্রি করা হত বলে জানান ওসি।

তিনি বলেন, “জয়নালের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় রিকশা চুরির অন্তত পাঁচটি মামলার খোঁজ পাওয়া গেছে। তার দলের আরও কিছু সদস্যদের সন্ধানে পুলিশ কাজ করছে।”

জয়নাল ও আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।