২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ ফেরতের বিয়ের আয়োজন থামিয়ে দিল প্রশাসন

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ওমান ফেরত এক ব্যক্তির কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন বন্ধে করতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 09:34 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

আগামী ২১ মার্চ একটি কমিউনিটি সেন্টারে ওই বিয়ের আয়োজনে কয়েকশ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বাংলাদেশে প্রথম কভিড-১৯ রোগীর মৃত্যুর পর বিদেশ ফেরত সব ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার পাশাপাশি জনসমাগমের ঘটানোর যে কোনো অনুষ্ঠান আয়োজন না করতে বলা হয় সরকারের পক্ষ থেকে।

বৃহস্পতিবার চট্টগ্রামের কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। 

এদিন এই বিয়ে আয়োজনের বিষয়ে জানতে পারার পরই তা থামাতে উদ্যোগ নেওয়ার কথা জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি ১৫ মার্চ ওমান থেকে রওনা হয়ে ১৬ মার্চ দেশে পৌঁছেছেন। শুক্রবার তার মেহেদী অনুষ্ঠান ও পরদিন কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা জানিয়ে ইউএনও রুহুল আমীন বলেন, “টেলিফোনে ওই ব্যক্তির সাথে যোগাযোগ হয়েছে। উনাকে বলেছি ১৪ দিন অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

“তাই বিয়ের তারিখ পরিবর্তন করে বলেছি। আগামীকাল বরের বাবা এবং কমিউনিটি সেন্টারের মালিক আসবেন। তাদের অনুরোধ করা হবে বিয়ের তারিখ পরিবর্তন করতে। তা না হলে আইন প্রয়োগ করা হবে।”

ওই ব্যক্তি উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা। আর কনে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকার বাসিন্দা।

এদিকে বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার তিন প্রবাসীর বাড়িতে পুলিশসহ গিয়েছিলেন জানিয়ে ইউএনও বলেন, “তারা হোম কোয়ারেন্টিনের নিয়ম মানছে। তারা বাড়ি থেকে বের হবে না বলে কথা দিয়েছেন।”