মাশুলের দাবিতে ধর্মঘটে কন্টেইনার ডিপো মালিকরা
বাড়তি মাশুলের দাবিতে তিনটি বিদেশি শিপিং লাইনের কন্টেইনারে রপ্তানিমুখী পণ্য পরিবহন করছে না ডিপো মালিকরা।
বুধবার সকাল থেকে চট্টগ্রামের অধিকাংশ ডিপো মালিকেরা তিনটি বিদেশি শিপিং লাইনের কন্টেইনারে কোনো রপ্তানি পণ্য বোঝাই করছেন না বলে জানা গেছে।
প্রতিষ্ঠান তিনটি হল- ডেনমার্কভিত্তিক শিপিং লাইন মায়ার্সক, হংকংভিত্তিক গোল্ডস্টার লাইন এবং ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইন।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো মালিক সমিতির (বিকডা) সদস্য রুহুল আমিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠান তিনটি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাশুল পরিশোধ করেনি। সে কারণে তাদের রপ্তানিমুখী খালি কন্টেইনার পরিবহন বন্ধ করেছে বিভিন্ন ডিপো।
বাড়তি মাশুল আদায় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “জানুয়ারি থেকেই নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে। শিপিং লাইন তিনটি সে অনুযায়ী পরিশোধ করছে না। সে কারণে এ কার্যক্রম বন্ধ করেছে।”
এ বিষয়ে শিপিং লাইন তিনটি কিংবা তাদের দেশি এজেন্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রপ্তানিমুখী পণ্য কারখানা থেকে চট্টগ্রামের বিভিন্ন কন্টেইনার ডিপোতে এনে ভরা হয়। পরবর্তীতে তা ট্রেইলরের মাধ্যমে চট্টগ্রামে বন্দরে পাঠিয়ে জাহাজে তোলা হয়।
