২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বৈঠকে আওয়ামী লীগ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মনোনয়নবঞ্চিত ও দল মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছেন আওযামী লীগের নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 01:16 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

এই নির্বাচনে দলের পক্ষে সমন্বয়কের দায়িত্বপালনকারী সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এই বৈঠক শুরু হয়। 

বৈঠকে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ এম এ লতিফ, নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক উপস্থিত আছেন।

দলের সমর্থন না পেলেও এবার আওয়ামী লীগ ১৪ জন বর্তমান কাউন্সিলরের মধ্যে ১৩ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে।

বিদ্রোহীরা প্রার্থিতা তুলে না নিলে ‘সংগঠনের প্রাথমিক সদস্য পদ থাকবে না’ বলে গত ২৮ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায়‍ হুঁশিয়ার করা হলেও ভোটের থাকতে তারা অনড়।

বৃহস্পতিবার সভা শুরুর আগে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী যে মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান সেই বোর্ড প্রার্থীদের ঠিক করেছে। যারা পাননি তারাও দল থেকে প্রার্থী হতে চেয়েছিলেন।

“যারা দলের মনোনয়ন পেয়েছেন তারাই নির্বাচন করবেন। কেউ বিদ্রোহী হলে দল সিদ্ধান্ত নেবে।”

মোশাররফ হোসেনের সুরে কথা বলেছেন এর আগে কাউন্সিলরপ্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করা আ জ ম নাছিরও।

নাছির নিজেও দ্বিতীয় দফায় মেয়র পদে মনোনয়ন চেয়ে পাননি।  

বৈঠক শুরুর আগে নাছির সাংবাদিকদের বলেন, “দলগতভাবে মেয়র ও কাউন্সিলরদের ৫৫টি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে দলের নেতাকর্মী সমর্থকরা অনেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

“তারা সবাই এখানে আসবেন, আমাদের মোশাররফ ভাই তাদের নিয়ে বসবেন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন তাই চূড়ান্ত।”

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

বঞ্চিতরা প্রার্থিতা পত্যাহার করবেন বলে আশা প্রকাশ করেছেন নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

“সবাই মনোনয়ন চেয়েছিলেন, একজন করে পেয়েছেন। এটা মেনে নিতে হবে, মেনে নেওয়াটাই গণতন্ত্রের কালচার। সময় আছে, আশা করি সবাই প্রত্যাহার করবে। সবাই এক আওয়ামী লীগ পরিবারের সন্তান।”

সভার শুরুতে এক নম্বর ওয়ার্ড থেকে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে দলের বিভিন্ন পদে থাকা এবং অঙ্গ সংগঠনে সম্পৃক্ত কতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে সে তথ্য নেওয়া হয়।

এর মধ্যে কয়েকটি ওয়ার্ডে মনোনয়ন না পাওয়া বর্তমান ও সাবেক কাউন্সিলররা নিজেদের বক্তব্য তুলে ধরেন বলেও বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা জানিয়েছেন।

পুরনো খবর:

চসিক নির্বাচন: মাঠ ছাড়তে নারাজ আ’লীগের বিদ্রোহীরা
এবার কাউন্সিলরপ্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ নাছিরের
চট্টগ্রামে আ. লীগের কাউন্সিলর প্রার্থীদের এক তৃতীয়াংশই নতুন