ক্রসফায়ারের ভয়: পুলিশের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহারের আবেদন
জোর করে আটকে রেখে ‘ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে’ দুই দফায় ২৩ লাখ টাকা আদায়ের অভিযোগে সাত পুলিশের বিরুদ্ধে করার মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন বাদী।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে এই আবেদন করেন ব্যবসায়ী মো. ইয়াছিন।
গত ১৯ ফেব্রুয়ারি একই আদালতে মামলাটি করেছিলেন তিনি।
বাদীর আইনজীবী শহীদুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী এসে আমার কাছে বললেন যে তাদের (আসামিদের) সাথে উনার ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তারা আলোচনায় বসেছেন, আপস মীমাংসা হয়ে গেছে।
“আমাকে বাদী বলেছেন মামলাটা প্রত্যাহারের আবেদন করতে। সে অনুযায়ী আবেদন করা হয়েছে। আদালত বাদীর বক্তব্য শুনেছেন। এ বিষয়ে ২ এপ্রিল আদেশ দেওয়া হবে।”
এই মামলার আসামিরা হলেন- বায়েজিদ বোস্তামি থানার সাবেক ওসি আতাউর রহমান খন্দকার, বর্তমান ওসি প্রিটন সরকার, এসআই মো. আফতাব, এএসআই মো. ইব্রাহিম, এএসআই মিঠুন নাথ, কন্সটেবল রহমান ও সাইফুল।
তাদের মধ্যে আতাউর রহমান খন্দকার বর্তমানে চান্দগাঁও থানার ওসি।
ইয়াছিন নগরীর পলিটেকনিক্যাল এলাকার নূর মোহাম্মদ সওদাগর বিল্ডিংয়ের মেসার্স ইয়াছিন এন্টারপ্রাইজের মালিক। তিনি ইট-রড-বালু ও সিমেন্টের পাইকারি ব্যবসায়ী।
তিনি মামলা করার পর আদালত মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারকে (প্রশাসন ও অর্থ) ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছিলেন।
