বায়ু দূষণের জন্য সড়ক নির্মাণের ঠিকাদারকে জরিমানা
চট্টগ্রামের বড়পোল থেকে সাগরিকা পর্যন্ত সড়ক নির্মাণ কাজে বায়ু দূষণ করায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার অভিযোগের শুনানি শেষে তাহের ব্রাদার্স লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
পাশাপাশি ওই সড়কে দিনে তিনবার পানি ছিটাতে এবং আগামী এক মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক।
এদিন শুনানিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মো. সৈয়দ নূর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান উপস্থিত ছিলেন।
মাহমুদুল হক বলেন, “প্রকল্প এলাকায় বায়ু দূষণ প্রতিরোধে তারা (তাহের ব্রাদার্স) কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন বলে প্রমাণ দেখাতে পারেননি। তারা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন।”
বড়পোল থেকে সাগরিকা পর্যন্ত সড়ক এলাকার বায়ুতে সূক্ষ্ম বস্তুকণা (সাসপেনডেড পারটিকুলেট ম্যাটার-এসপিএম) ১০ পিএম এবং ২.৫ পিএমের (পারটিকুলেট ম্যাটার) মানমাত্রা ছিল আদর্শ মানমাত্রার কয়েকগুণ বেশি।
মাহমুদুল হক বলেন, ওই এলাকায় বাতাসে বস্তুকণার পরিমাণ বিভিন্ন সূচকে আদর্শের মানের চেয়ে সর্বোচ্চ ১২ গুণ পর্যন্ত বেশি পাওয়া গেছে, যা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ দূষণের নির্দেশক।
বাতাসে এসপিএমের গ্রহণযোগ্য মাত্রা প্রতি ঘনমিটারে ২০০ মাইক্রোগ্রাম। প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।
বাতাসে ভাসমান বস্তুকণার পরিমাপ করা হয় প্রতি ঘনমিটারে মাইক্রোগ্রাম (পিপিএম-পার্টস পার মিলিয়ন) এককে। এসব বস্তুকণাকে ১০ ও ২.৫ মাইক্রোমিটার ব্যাস শ্রেণিতে ভাগ করে তার পরিমাণের ভিত্তিতে ঝুঁকি নিরূপণ করেন গবেষকরা।
এয়ারভিজুয়াল ডটকমে ২০১৮ সালের বিশ্বের সর্বাধিক দূষিত বায়ুর দেশের তালিকায় ৭৩টি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে শীর্ষে। তাদের হিসাবে বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ভাসমান বস্তুকণার পরিমাণ গড়ে ৯৭ দশমিক এক শূন্য মাইক্রো গ্রাম, যাকে ‘অস্বাস্থ্যকর’ বলছে সংস্থাটি।
