২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওফেলের সভা নিয়ে বিএনপির অভিযোগ, নাকচ রিটার্নিং কর্মকর্তার 

চট্টগ্রামে নিজ বাসায় বসে দলীয় প্রার্থীর পক্ষে মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে বিএনপি অভিযোগ করলেও তা আমলে নেননি রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2019, 09:43 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

রোববার চট্টগ্রাম-৮ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে লিখিত অভিযোগ জমা দেন এই আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

আগের রাতে নগরীর চশমা হিলে পৈত্রিক বাসভবনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদের সমর্থনে এক মতবিনিময় সভায় অংশ নেন নওফেল।

ওই সভায় অংশ নেওয়াকে ‘আচরণ বিধিমালা ভঙ্গ’ উল্লেখ করে রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে আবু সুফিয়ানের পক্ষ থেকে বলা হয়,  “শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শনিবার নিজ বাসভবনে নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন আহমদকে জিতিয়ে আনতে হবে মর্মে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন যা অনভিপ্রেত ও বেআইনি।”

শিক্ষা উপমন্ত্রীর মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলেই বিএনপি প্রার্থীর ভয়, শঙ্কা ও সন্দেহ।

অভিযোগে তিনি বলেন,  “তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে অবস্থান নিলে তার মন্ত্রণালয়ের অধীনে থাকা শিক্ষক-শিক্ষিকারা প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলে শিক্ষা উপমন্ত্রীর নির্দেশনার বাইরে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।”

তবে শিক্ষা উপমন্ত্রীর বাসায় হওয়া এই সভায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

আবু সুফিয়ানের লিখিত অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। নির্বাচনী আসনের জুরিসডিকশনে (সীমানায়) যদি কোনো মন্ত্রী, এমপি, মেয়র সরাসরি প্রচারণায় অংশ নেন সেটা আচরণবিধি ভঙ্গ।

“চট্টগ্রাম-৮ আসনের সীমানায় কোনো বিধি ভঙ্গ হলে সেটা দেখার অধিকার আমার আছে। বিধি অনুসারে মন্ত্রী, এমপি, মেয়ররা সরাসরি প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু কেউ ঢাকায় বা নির্বাচনী এলাকার সীমানার বাইরে মতবিনিময় সভা করলে সেটা আমার আওতায় পড়ে না।”

এর আগে ২২ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী এলাকার মধ্যে চান্দগাঁও আবাসিক এলাকায় দলীয় প্রার্থী মোসলেম উদ্দিনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এরপর ২৫ ডিসেম্বর নির্বাচনী এলাকার বাইরে নগরীর লালখান বাজারে প্রার্থী মোসলেম উদ্দিনের বাড়িতে এক মত বিনিময় সভায় সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী বিগত সিটি করপোরেশন নির্বাচনে ‘কেন্দ্র নিয়ন্ত্রণ’ করার স্বীকারোক্তি দেন।

যার ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিএনপি প্রার্থী আবু সুফিয়ান সাংসদ নদভী এবং সিটি মেয়র নাছিরের বিরুদ্ধে দুটি পৃথক লিখিত অভিযোগ করেন।

এদিকে রোববার বিএনপির প্রার্থী তার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা এবং প্রচারণার কাজে ব্যবহৃত একটি গাড়ি ভাংচুরের অভিযোগ তুলে আরেকটি লিখিত অভিযোগ করেছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান বলেন,  “এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আশা করি ভবিষ্যতেও পরিবেশ সুন্দর থাকবে।“

পুরনো খবর:

চট্টগ্রাম-৮: আওয়ামী লীগ প্রার্থীর প্রধান লক্ষ্য কালুরঘাট সেতু
চট্টগ্রাম-৮: মোসলেমকে নিয়ে সক্রিয় আওয়ামী লীগ নেতারা