চট্টগ্রাম-৮: আওয়ামী লীগ প্রার্থীর প্রধান লক্ষ্য কালুরঘাট সেতু
নির্বাচিত হলে কালুরঘাট সেতু বাস্তবায়নই প্রথম ও প্রধান কাজ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমার হাতে রক্তের দাগ নেই। কোনোদিন সন্ত্রাসী ছিলাম না। আমি এলাকার মানুষের সেবা করতে চাই, উন্নয়ন করতে চাই। সন্ত্রাসের মাধ্যমে নয়, ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হতে চাই।”
কালুরঘাট সেতু নির্মাণ বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাকে স্নেহ করেন। ২০১০ সালে শিকলবাহায় প্রধানমন্ত্রীর জনসভায় আখতারুজ্জামান বাবু ও আমি কালুরঘাট সেতুর দাবি জানিয়েছিলাম। তিনি ঘোষণা দিয়েছিলেন নতুন সেতুর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সেটা এতদিনেও হয়নি।
“আমার প্রথম ও প্রধান দায়িত্ব হবে, প্রধানমন্ত্রীর ঘোষিত সেতুর কাজটি দৃশ্যমান করা। আমি প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে সেটা আদায় করতে পারব। ভালোবাসার শক্তি থেকে ঘোষণা দিচ্ছি, আগামী এক বছরের মধ্যে আমি এই সেতুর কাজ দৃশ্যমান করব।”
তিনি বলেন, “আমাকে ভোট না দিয়ে ধানের শীষে ভোট দিলে এলাকায় বেশি কাজ হবে না। নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করলে আমি আরও বেশি বেশি এলাকার উন্নয়ন কাজ করতে পারব। এটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এলাকার মাটির প্রতি যাদের মমত্ববোধ আছে, এলাকার উন্নয়নের জন্য তাদের ভোট আমি অবশ্যই পাব।
মোসলেম উদ্দিন বলেন, “২০০৮ সালের পর নৌকার পালে যখন বেশি বেশি করে বাতাস লাগে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, সেই থেকে এ পর্যন্ত আমি মনোনয়ন পাইনি। গতবার আমাকে কাজ করার জন্য বলা হয়েছিল। সে হিসেবে আমি প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু জোটের কারণে মনোনয়ন দেওয়া হয়েছিল মঈনউদ্দিন খান বাদল সাহেবকে।
“আমি মেনে নিয়েছি। বাদল সাহেব অসুস্থ ছিলেন, আমি দিনরাত পরিশ্রম করে কাজ করে তাকে জিতিয়ে এনেছি। এই উপনির্বাচন নিয়ে আমার কোনো প্রস্তুতি ছিল না। আকস্মিকভাবে আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে।”
এলাকার সন্তান হিসেবে তিনি মনোনয়ন পাওয়ায় এলাকায় উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে দাবি করে মোসলেম উদ্দিন বলেন, “আমি যে সেবা দিতে পারব, যে কাজ করতে পারব তা অন্য প্রার্থী পারবে না। এলাকার মাটির প্রতি যাদের টান আছে তারা জানে সরকারের সঙ্গে সম্পৃক্ত প্রার্থী জয়ী হলে বেশি কাজ হবে। ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে না- এটা ভোটাররা জানে।”
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।
