২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার শ্যালক হত্যায় দুজন রিমান্ডে

চট্টগ্রামে সিআইডির এক অতিরিক্ত পুলিশ সুপারের শ্যালক স্কুলছাত্র জাকির হোসেন সানি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামিকে একদিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 08:24 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। দুই আসামি হলেন- আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই আসামিকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার এ দুই আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

গত ২৬ অগাস্ট দুপুরে নগরীর জাকির হোসেন রোডে ওমরগনি এম ই এস কলেজের বিপরীতে একটি ভবনের নিচে জাকির হোসেন সানিকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক।

নিহত সানির বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলাপাড়ায়। থাকতেন ঢাকার মিরপুরে বড় ভাইয়ের বাসায়।

ঈদের ছুটিতে সানি তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তার বড় বোনের স্বামী সিআইডি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া) কুতুব উদ্দিন।

আগে বড় বোনের বাসায় থেকে পড়াশোনা করলেও গত বছর সানিকে ঢাকায় তার বড় ভাইয়ের বাসায় নিয়ে গিয়ে মিরপুরের একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল।

হত্যাকাণ্ডের পরদিন সানির বোন মাহমুদা আক্তার বাদী হয়ে ‘পূর্ব শত্রুতার জেরে হত্যার’ অভিযোগ এনে খুলশী থানায় মামলা করেন।

মামলায় আনিসুর ও মামুনের সঙ্গে সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তূষার (২২) ও আয়াতুল হককে (২০) আসামি করা হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে খুন
স্কুলছাত্র সানি হত্যার ঘটনায় মামলা, আসামি সাত
চট্টগ্রামে সানি হত্যার দুই আসামি কারাগারে