চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাতেও উত্তেজনা
দলের প্রয়াত নেতা জানে আলম দোভাষের স্মরণ সভায়ও চট্টগ্রাম আওয়ামী লীগের নগর কমিটির দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে।
প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনকে রোববার প্রতিনিধি সভার মঞ্চ থেকে নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন নামিয়ে দেওয়ার পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে সোমবার সন্ধ্যায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আ জ ম নাছিরের বিরুদ্ধে বিকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের পর সদলবলে সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আসেন মহিউদ্দিনের অনুসারী নেতাকর্মীরা।
অন্যদিকে কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হতে থাকেন আ জ ম নাছিরের অনুসারীরা।
এক পর্যায়ে বাইরে থাকা নাছিরের অনুসারী নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এরপর হলের ভেতর থেকে মহিউদ্দিনের অনুসারী নেতাকর্মীরা বেরিয়ে এসে সিঁড়িতে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে থাকে।
দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সভা মঞ্চে এসময় নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ অধিকাংশ নেতাই উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী পাল্টাপাল্টি স্লোগান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উত্তেজনার সময় আ জ ম নাছির ছিলেন টাইগার পাসের অস্থায়ী নগর ভবনে।
এক পর্যায়ে রাত ৮টার দিকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য দিতে ওঠেন।
এসময় বাইরে দুই পক্ষ আবার মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও পুলিশ আসে। তারা দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে তাদের নিবৃত্ত করে।
পরিস্থিতি বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, “আওয়ামী লীগের একটি অনুষ্ঠান ছিল। এতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।”
অপর এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অর্ধ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
সভায় সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন বলেন, “কার বিরুদ্ধে কে স্লোগান দেবেন? এখানে তো হরতাল হচ্ছে না। দলাদলি-কোন্দল আমি পছন্দ করি না। প্রয়োজনে আমার কাছে আসুন, কী চান বলুন।
“স্লোগান দিবেন একজনের নামে, শেখ হাসিনা। আমরা অনেক কিছু পাইনি, তাই বলে কি নেতার বিরুদ্ধে স্লোগান দেব? মোশাররফ ভাইয়ের কাছে ক্ষমা চাই। উনার বক্তব্যের সময় আপনারা পক্ষে-বিপক্ষে স্লোগান দিয়েছেন। প্রয়োজন হলে আমি মাহতাব উদ্দিন চৌধুরী চলে যাব, একজন মাহতাব চলে গেলে কিছু হবে না।”
তার বক্তব্যের পর সভা শেষ হয়। তখন পর্যন্ত আ জ ম নাছির সভাস্থলে আসেননি।
সভা শেষ হওয়ার কয়েক মিনিট আগে থেকে পুলিশ বাইরে জড়ো হওয়া নাছিরের অনুসারীদের প্রাঙ্গণ থেকে সরিয়ে দেয়।
এরপর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “এটার তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সামান্য একটা বিষয় নিয়ে খারাপ কাণ্ড ঘটানোর কোনো মানে হতে পারে না। মনে করি, এটা যতটুকু হইছে, এরমধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।”
বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও হাসিনা মহিউদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
