চট্টগ্রামে রথউৎসব
বর্ণিল আয়োজনে চট্টগ্রামের উদযাপিত হল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বের হওয়া রথযাত্রা অনুষ্ঠানে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবে রূপ নেয়।
ইসকন মন্দির, তুলসীধাম, নন্দনকানন ইসকন মন্দিরসহ বিভিন্ন এলাকা থেকে বের করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা। আর এতে হিন্দু ধর্মাবলম্বী লোকজন বিপুল উৎসাহে অংশ নেয়।
নগরীর প্রবর্তক মোড় থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়।
সেখানে শোভাযাত্রা উদ্বোধন করেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
অনুষ্ঠানের দেশ ও বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করা হয়।
পরে শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথ টানা শুরু করেন ভক্তরা। শোভাযাত্রাটি নগরীর গোলপাহাড়, মেহেদীবাগ, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড় ও নিউমার্কেট ঘুরে হাজারি লেইনে গিয়ে শেষ হয়।
এছাড়া নগরীর ডিসি হিলে আলাদা অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় কেন্দ্রীয় ইসকন। সেখানে সকাল থেকে শ্রীমদভগবত গীতা পাঠ, শ্রী শ্রী রাধামাধব ও জগন্নাথ দেবের দর্শন আরতি, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় যজ্ঞানুষ্ঠান, ভাগবতী আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া আলাদা শোভাযাত্রার আয়োজন করে তুলসী ধাম। এর বাইরে গোলপাহাড় কালী মন্দির, চকবাজার জগন্নাথ কুটির, পাথরঘাটা, গঙ্গাবাড়ি, নন্দীরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দিরসহ নগরীর বিভিন্ন কৃষ্ণ মন্দির থেকে পৃথক রথের মোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় ছিল হাতি, ঘোড়া আর ট্রাকের বহর। ট্রাকে দেব-দেবীর সাজে সেজেছিল শিশু-কিশোররা।
আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।
